জোড়াতালির মেরামত
ত্রিশালের সাইনবোর্ড থেকে নয়নপুর পর্যন্ত মহাসড়কে ইটের খোয়া ও বালু মিশিয়ে বড় বড় গর্ত ভরাট করছেন সওজের ঠিকাদার। তবে মেরামতকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।ভালুকা ডিগ্রি কলেজের ডেমনস্ট্রেটর মোস্তাফিজুর রহমান খান বলেন, ইট-খোয়া ও বালু দিয়ে মেরামত বহুবার হয়েছে। দু-চার দিনের বেশি টেকেনি। এবারও কয় দিন থাকে, দেখার বিষয়। তবে সাইনবোর্ড থেকে ময়মনসিংহ অংশে কোনো সংস্কারকাজ দেখা যায়নি। ত্রিশালের নওধার, রাগামাড়া, কানহর, বইলর, শিকারিকান্দাসহ অনেক স্থানে বড় গর্ত এখনো রয়ে গেছে।ভালুকার সিডস্টোর বাসস্ট্যান্ডে ট্রাকচালক আহাম্মদ আলী বলেন, যে ইট দিয়ে সড়ক মেরামত হচ্ছে, খালি ট্রাক গেলেও তা গুঁড়ো হয়ে যায়।রাস্তা মেরামতে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিএলের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বড় গর্ত ভরাটে পাঁচটি দল কাজ করছে। যেসব স্থানে পানি জমে ছিল, সেগুলো পরে ভরাট হবে। বৃষ্টির কারণে ভালো ইট সংগ্রহে সমস্যা হচ্ছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইট ও বালি দিয়ে যে সংস্কারকাজ হয়েছে, তার স্থায়িত্ব নিয়ে সন্দিহান বাসচালক, ব্যবসায়ী ও পথচারীরা।গাজীপুরের চান্দনা চৌরাস্তা লেগুনা পরিবহনের লাইনম্যান মো. ফারুক বলেন, মেরামত করা কিছু স্থানে এখনো কাদা রয়েছে। আবার বৃষ্টি হলে কী হবে, জানি না।কালিয়াকৈরের বড়দল এলাকা থেকে ভালুকার বিরুনিয়া যাচ্ছেন মনখুশী রানী বর্মণ ও তাঁর স্বামী কালাচান। চান্দনা চৌরাস্তা এসে কোনো গাড়িতে উঠতে পারছিলেন না। তাঁরা বলেন, লেগুনা ও লোকাল কিছু বাস চললেও ভিড়ের কারণে উঠতে পারেননি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রামের মকবুল হোসেন বলেন, ‘শুনছি, বিআরটিসি বাস ছাড়ছে। সকালতে এহন পন্ত কোনো বিআরটিসি চোহে দ্যাহি নাই। লেগুনাতে উঠছি।’ বেলা আড়াইটার দিকে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস চালিয়ে ঢাকা থেকে চান্দনা চৌরাস্তা আসেন চালক জুয়েল মিয়া। তিনি বলেন, ‘এ সড়কে এই প্রথম এলাম। এত খারাপ রাস্তা আগে ভাবি নাই।’