জোয়ার-ভাটার টানেই বাঁধ ভাঙছে, বৃষ্টি হলে কী হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের নেতারা (জনপ্রতিনিধি) ইলেকশনের আগে থাকে দেবতা। পাস করার তিন-চাইর মাসের মাথায় হই যায় রাক্ষস। মানুষের দুঃখ-কইষ্টকে পুঁঞ্জি কইরে তারা টাকায় বানায়।’খুলনার দাকোপ উপজেলার কালীনগর বাজারের পার্শ্ববর্তী শিবনগর গ্রামের সঙ্গেই কামারগোদা বিলের বেড়িবাঁধের ভাঙা অংশটি দেখিয়ে সুভাষ চন্দ্র ঘরামি ক্ষোভের সঙ্গে এ কথা বলেন। তিনি জানান, দুই মাস আগে মেরামত করা বাঁধটি বর্ষা আসার আগেই ভেঙে যাচ্ছে। পাশে দাঁড়ানো আকবর আলী আক্ষেপ করে বললেন, ‘আমরা এক বছর ধরি পানিতে ভাইসছি। আর এমপি-চেয়ারম্যানরা বাঁধ ভাঙা আর বানানোর ব্যবসা ফাঁইদে বইসেছে।’স্থানীয় লোকজন জানান, আইলার পর কামারগোদা ভাঙা বাঁধ মেরামতে ৩৫ হাজার টাকার প্রয়োজন হয়েছিল। গ্রামবাসী দুই বেলা খাওয়ার মতো চালের বিনিময়ে তা করে দিতে রাজি ছিল। কিন্তু মেম্বার-চেয়ারম্যান-সাংসদেরা তখন এ ব্যাপারে উদ্যোগ নেননি। গ্রামবাসীর সন্দেহ, নেতারা বাঁধের ভাঙা অংশ বড় হতে দিয়েছেন, যাতে বেশি করে টাকা এনে ঠিকাদারের কাজ নেওয়া যায়।সরেজমিনে দেখা গেল, কামারগোদা বেড়িবাঁধটি মেরামত করছে শত শত নারী-পুরুষ। স্থানীয় জোবা মাটি (সুন্দরবনের পচা গাছ-লতা-পাতা থেকে তৈরি মাটি) দিয়ে নির্মাণ করা হচ্ছে বেঁড়িবাধ। বাঁধ নির্মাণের জন্য স্থানীয় লোকজন আগে জোবা মাটি ব্যবহার করত না। কারণ, এই মাটি দিয়ে বাঁধ নির্মাণ করলে তা জোয়ার-ভাটার টানে টেকে না।এদিকে দাকোপ, কয়রা ও শ্যামনগরের গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধের ওপর ছনের ঘরে প্রায় ৪০ হাজার মানুষ এক বছর ধরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। গতকাল ঝড়-বৃষ্টির মধ্যে এই মানুষগুলোর কষ্ট আরও বেড়ে যায়। বৃষ্টির কারণে বাঁধগুলো আবার ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে।শিবনগর গ্রাম রক্ষাকারী বেড়ি-বাঁধটির চারটি স্থানে বর্তমানে ভাঙা। দুই মাস আগে মেরামত হলেও বিভিন্ন স্থান দিয়ে মাটি সরে যাচ্ছে। মাঝ বরাবর দুটি স্থান পুরোপুরি ভেঙে গেছে। সেখান দিয়ে অবিরাম জোয়ারের পানি ঢুকছে।দাকোপ-বটিয়াঘাটার সাংসদ ননী গোপাল মণ্ডল এই বাঁধটিসহ মোট এক হাজার ৫৫০ মিটার বাঁধ মেরামতের দায়িত্ব নিয়েছিলেন। কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান সমরেশ রায়ও নিয়েছিলেন ৮০০ মিটার বাঁধ মেরামতের কাজ। কিন্তু তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধ মেরামত শেষ করতে পারেননি।আইলায় খুলনা ও সাতক্ষীরা জেলার ৪৭টি পোল্ডারের মধ্যে ৪১টি আংশিক ও ছয়টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আংশিক ক্ষতিগ্রস্ত পোল্ডারগুলো মেরামত শেষ হলেও ক্ষতিগ্রস্ত ওই বেঁড়িবাধ-গুলোর এখনো মেরামত শেষ হয়নি। খুলনার দাকোপের নলিয়ান, কামানখোলা, সুতারখালী ইউনিয়ন এবং কয়রার পদ্মপুকুর ইউনিয়ন, সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশপাশের উপজেলায় অর্ধেকেরও বেশি স্থানে এখনো নিয়মিতভাবে জোয়ারের পানি ঢুকছে।বেশির ভাগ স্থান মেরামত হয়েছে—পানি উন্নয়ন বোর্ড থেকে এমন দাবি করা হলেও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের কাজ শুরু করতে পারেনি। পুরো বাঁধ মেরামত না হওয়ায় সরকারি সাহায্যে ঘরবাড়ি বানানো হলে আবার বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।পাউবোর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, মে মাসের মাঝামাঝি তাঁরা সব বেড়িবাঁধই মেরামত শেষ করার চেষ্টা করছেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘পোল্ডারের বাঁধ মেরামত অনেকটা চেয়ারের পা ঠিক করার মতো। তিনটি পা ঠিক হলেও ওই চেয়ারে কেউ বসতে পারবে না। সব কটি পা ঠিক হলে বা সব বেড়িবাঁধ মেরামত হলেই পোল্ডারের ভেতর পানি প্রবেশ বন্ধ হবে।পাউবো কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়ে দিয়েছে, শুষ্ক মৌসুমে মেরামত শেষ করতে না পারায় দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডারের বেশির ভাগ গ্রাম আগামী শুষ্ক মৌসুম পর্যন্ত পানিতে তলিয়ে থাকবে। নদীর জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আগামী শুষ্ক মৌসুমের আগে আর মেরামত শুরু করা যাবে না। উপজেলার প্রায় সাড়ে ছয় কিলোমিটার বেড়িবাঁধ এ বছর আর মেরামত করা যাচ্ছে না। খুলনা জেলার আইলাবিধ্বস্ত বেশির ভাগ উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আংশিক ও অস্থায়ীভাবে মেরামত হলেও একমাত্র দাকোপ উপজেলার ৩২ নম্বর পোল্ডারে তা সম্ভব হয়নি।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ নদীতে নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাঁধ মেরামতের কাজ হয়। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জোয়ারের উচ্চতা এমনভাবে বাড়তে থাকে, যখন কোনো ধরনের অবকাঠামোই নির্মাণ করা সম্ভব হয় না। খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন, জোয়ারের পানি বাড়লেও বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত যাতে বেড়িবাঁধ মেরামতের অনুমতি দেওয়া হয়।পুরো শুষ্ক মৌসুমে কোনো কাজ না করে বর্ষা মৌসুমে কাজ করার কারণ জানতে চাইলে ননী গোপাল প্রথম আলোকে বলেন, শুষ্ক মৌসুমে কাজ করার জন্য ভালো ঠিকাদার পাওয়া যায়নি। অনেক ঠিকাদার কাজ শুরু করলেও টাকার অভাবে তা এগিয়ে নিতে পারেননি। তাই জনগণের স্বার্থে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।