জোয়ার সাহারায় যুবক খুন
রাজধানীর জোয়ার সাহারায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। তাঁর নাম মো. ইউসুফ মিয়া (১৮)। তাঁর বাবা আবদুর রব মুন্সী এলাকার লিচু বাগানের রিকশার গ্যারেজের মালিক। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত একটার দিকে রিকশার প্রতিদিনের ভাড়া সংগ্রহ করছিলেন ইউসুফ। এ সময় দুজন যুবকের সঙ্গে ইউসুফের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইউসুফকে তলপেট ও ঊরুতে ছুরিকাঘাত করে তারা। আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত ইউসুফকে মগবাজারের রাশমনো জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজ সকাল আটটায় ইউসুফ মারা যান। এসআই আমিনুল আরও জানান, ইউসুফের পরিবার নোয়াখালী জেলার চাটখিলের বাসিন্দা হলেও তাঁরা প্রায় ২০ বছর ধরে লিচুবাগান এলাকায় বাস করছেন। ধারণা করা হচ্ছে, রিকশাভাড়ার লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ইউসুফের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।