জোয়ারে টেকনাফের এক লাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ারে নদনদীতে পানি বেড়ে যাওয়ায় বরগুনার আমতলী, পটুয়াখালী শহর ও টেকনাফের নিম্নাঞ্চলসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।টেকনাফ: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, পূর্ণিমার জোয়ারের পানি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাসে এলাকার অসংখ্য ঘরবাড়ি, পানের বরজ, মরিচের খেত, চিংড়িঘের, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও কয়েকটি শুঁটকিপল্লি পানিতে তলিয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে জানান, অস্বাভাবিকভাবে জোয়ারের পাশাপাশি পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে।কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার পাশাপাশি জোয়ারের পানির উচ্চতা তিন-চার ফুট বেড়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সাগরে সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।বরগুনা: পায়রা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপ ও তীব্র স্রোতে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী গ্রামে প্রায় ৫০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে চাওড়া ইউনিয়নের ১০টি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।বাঁধভাঙার ঘটনা নিশ্চিত করে চাওড়া ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, ‘পশ্চিম ঘটখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির পশ্চিম চাওড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে গিলাতলী গ্রাম পর্যন্ত প্রায় ৫০০ মিটার জায়গা পানির চাপে ভেঙে যায়। এতে আশপাশের পশ্চিম ঘটখালী, গিলাতলী, বৈঠাকাটা, বেতমোর, উত্তর ঘটখালী, দক্ষিণ ঘটখালীসহ মোট ১০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। পশ্চিম চাওড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।’আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, চাওড়া ইউনিয়নের ওই ১০ গ্রামে প্রায় ৯০ হেক্টর জমিতে আউশ এবং ইরি ধানের চাষ চলছে। জলাবদ্ধতা সৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে।আমতলী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, পায়রা নদীতে স্বাভাবিকের তুলনায় ৩৪ সেন্টিমিটার উঁচু দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।তালতলী থানা মত্স্যজীবী সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজী বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় উপজেলার উপকূলবর্তী সোনাকাটা, ফকিরহাট, জয়ালভাঙ্গা এলাকায় দুই শতাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে আছে। উপকূল জুড়ে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে চলেছে।পটুয়াখালী: ভরা পূর্ণিমা ও নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ সকালে জোয়ারের সময় সাগর ও নদনদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জোয়ারে পটুয়াখালী শহর ও উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে সাগর উত্তাল হয়ে বিশাল বিশাল ঢেউ উপকূলের তীরে আছড়ে পড়ছে। এ অবস্থায় উপকূলের মানুষের মধ্যে সিডর ও আইলার আতঙ্ক বিরাজ করছে।এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর নদীবন্দরের অভ্যন্তরীণ ২২টি রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। জোয়ারের পানিতে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের ফেরিঘাটগুলোর গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।জোয়ারের পানিতে পটুয়াখালী পৌর শহরের সদর রোড, লঞ্চঘাট, পোস্ট অফিস রোড, নবানপাড়া, চকবাজার, সেন্টার পাড়া, কাঠপট্টি, পুরানবাজার, আদালতপাড়া, গালর্সস্কুল রোড, পৌরসভা চত্বর, সবুজবাগসহ অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ণিমার ভরা কাটালে নিম্নচাপ ও পূর্ণ চন্দ্রগ্রহণের তিথির প্রভাব ও মাঝারি ধরনের দমকা হাওয়ায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেড়ে উপকূল প্লাবিত হয়েছে।