জোয়ারে বাজে ছুটির ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলাবদ্ধতা আমাদের এখানে তিনটি বিদ্যালয়ের প্রধান সমস্যা। আমার স্কুল থানার মধ্যে সেরা। কিন্তু অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে স্কুলের মাঠ, কক্ষ ও রাস্তাঘাট তলিয়ে যায়। এভাবে পানি ভেঙে স্কুল থেকে ফেরার সময় গত বছর পারভেজ নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র পানিতে ডুবে মারা যায়।’ গত রোববার স্কুল প্রাঙ্গণে হাঁটুপানিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আলম। প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে বৃষ্টি নেই। তবু চার দিন ধরে জোয়ারের পানিতে নগরের চরচাক্তাইয়ের তিনটি বিদ্যালয়ের আঙিনা পানিতে থইথই করছে। পানি ঢুকে পড়েছে বিদ্যালয়কক্ষেও। প্রতিমাসে এভাবে দুবার করে অন্তত সাত-আট দিন এ বিদ্যালয়গুলো প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়তে হয় সাড়ে চার হাজার শিক্ষার্থী ও শিক্ষকদের। তখন বাধ্য হয়ে স্কুল ছুটি দিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর বর্ষাকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভরা জোয়ারে প্লাবিত হয় চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও ইউসেপ চরচাক্তাই স্কুল। এগুলোতে যথাক্রমে দুই হাজার ৬০০, ৭০০ ও ৯০০ শিক্ষার্থী পড়ালেখা করে। গত দুটি পূর্ণিমা ও অমাবস্যার আগে দেখা গেছে, স্কুলগুলোর প্রাঙ্গণ পানিতে সয়লাব। গত রোববার পূর্ণিমা ছিল। তার দুই দিন আগে থেকেই স্কুল প্রাঙ্গণে পানি উঠেছে। রোববার পানি ঢুকে পড়েছিল একই কম্পাউন্ডের মধ্যে অবস্থিত উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষে। তবে রমজানের কারণে উচ্চবিদ্যালয় বন্ধ ছিল। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নোংরা পানির মধ্যে বাড়ি ফিরছিল। কেউ কেউ এই পানিতেই খেলায় মেতে ওঠে। চতুর্থ শ্রেণীর ছাত্রী লিমা আক্তার জানায়, মাসের মধ্যে কয়েকবার পানি ওঠে। এতে করে তাদের জামা-কাপড় ও বইপত্র ভিজে যায়। আর ময়লা পানিতে গা কুট কুট করে। উচ্চবিদ্যালয়ের ছাত্র নাহিদ বলে, ‘আমাদের শ্রেণীকক্ষে পানি ঢুকলে তখন আর সেখানে বসা যায় না। তাই ছুটি দিয়ে দেয়।’ সরেজমিনে দেখা গেছে, স্কুলের মালিকানাধীন একটি খালি জায়গা রয়েছে। তার পাশ দিয়ে চলে গেছে পানি নিষ্কাশনের নালা। কিন্তু খালি জায়গা ও নালাটি করপোরেশনের ময়লা ফেলে ভরাট করা হচ্ছে। নালা ভরাটের কারণেই মূল জলাবদ্ধতা হচ্ছে বলে জানান শিক্ষক বিকাশ ধর। তিনি বলেন, ‘ময়লা-আবর্জনায় নালা ভর্তি হওয়ার পাশাপাশি দুর্গন্ধের জন্য শ্রেণীকক্ষে থাকতে পারে না শিক্ষার্থীরা। অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের সঙ্গে বৃষ্টি থাকলে ক্লাস নেওয়া দায় হয়ে পড়ে। উপস্থিতি কমে যায়।’একই অভিযোগ ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন চৌধুরীরও। জোয়ারের জলাবদ্ধতার কথা স্বীকার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিন চৌধুরী বলেন, ‘আমার ওয়ার্ডের মানুষ জোয়ারের পানিতে অতিষ্ঠ। বর্ষা শেষ হলে আমরা নালা পরিষ্কার করার উদ্যোগ নেব। স্বেচ্ছাসেবক সংকটের কারণে এখন কিছু করা যাচ্ছে না।’