জোয়ারের পানিতে ডুবে গেছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে দ্বীপের ২১টি গ্রাম। এতে দ্বীপের তাবলেরচর গ্রামে দেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি পানিতে ডুবে গেছে।গতকাল শনিবার দুপুরে নৌকায় করে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্রটি পানিতে ডুবে আছে। কেন্দ্রের দোতলা ভবনটির নিচের তলা পানির নিচে। কেন্দ্রের দুই পাশে স্থাপিত ৫০ মিটার উঁচু ৫০টি টারবাইন (বিদ্যুৎ উৎপাদনের জন্য সংবলিত পাখা খুঁটি) কয়েক ফুট পানির নিচে। কয়েকটি খুঁটির তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় সেগুলো হেলে পড়েছে। অনেক খুঁটিতে বেঁধে রাখা হয়েছে মাছ ধরার ট্রলার।বড় বড় ঢেউয়ের তোড়ে লোনাপানি মূল ভবনের ভেতরে ঢুকছে। এতে করে নষ্ট হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য স্থাপিত শত শত ব্যাটারিসহ নানা মূল্যবান যন্ত্রপাতি। এ সময় কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কাউকে পাওয়া যায়নি।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়ার আবাসিক প্রকৌশলী অশোক দাশ বলেন, ‘ডুবন্ত অবস্থা থেকে কেন্দ্রটি রক্ষার কোনো উপায় দেখছি না। পুরো বর্ষার কয়েক মাস কেন্দ্রটি মনে হচ্ছে এই অবস্থায় থাকবে। কারণ, বর্ষার আগে বেড়িবাঁধ নির্মাণ করে কেন্দ্রটি রক্ষা করা কঠিন।’২০০৬ সালের শেষের দিকে দ্বীপের দক্ষিণ পাশে তাবলেরচরে পাউবোর বেড়িবাঁধসংলগ্ন খোলা জায়গায় ১২ কোটি টাকা ব্যয়ে এক হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ উপজেলার অন্তত ১২ হাজার গ্রাহককে সরবরাহের কথা থাকলেও শুরুর দিকে কয়েক মাস ৫০০ গ্রাহককের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়। এর পর থেকে নানা সমস্যায় পড়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে কেন্দ্রটি সফলতার মুখ দেখলেও সাগরের করাল গ্রাস থেকে একে রক্ষা করা যাচ্ছে না। গত বছর ঘূর্ণিঝড় আইলার আঘাতে কেন্দ্রের পাশে পাউবোর দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। তখন থেকে ভাঙা বাঁধ মেরামতের জন্য আমরা পাউবোকে তাগাদা দিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত বাঁধ মেরামত হয়নি।’পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, বাঁধ মেরামতের জন্য সম্প্রতি ৩৯ কোটি টাকার তিনটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগের চেষ্টা চলছে। কিন্তু ঠিকাদার নিয়োগ হলেও বর্ষার সময় আর কাজ করা সম্ভব হবে না।প্লাবিত হচ্ছে ২১ গ্রাম: দ্বীপের চতুর্দিকে পাউবোর ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় চার কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে দ্বীপের প্রায় এক লাখ মানুষ।সরেজমিনে দেখা গেছে, ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাশে আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়া, কুমিরারছড়া, আনিসের ডেইল, তাবলেরচর, হায়দার বাপেরপাড়া, কাহারপাড়া, চৌধুরীপাড়া ও তেলিপাড়া; উত্তর ধুরুং ইউনিয়নের কায়সার বাপেরপাড়া, চর ধুরং ও চুল্যারপাড়া; দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল ও বাতিঘরপাড়া; কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া, মতির বাপেরপাড়া, মহাজনপাড়া, ঘিলাতলী এবং বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি ও আমজাখালীসহ ২১ গ্রাম।জোয়ারের সময় পানি ঢুকে এসব গ্রামের শত শত বসতবাড়ি কয়েক ফুট পানিরে নিচে তলিয়ে যাচ্ছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি ও উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী জানান, দ্বীপের ৪০ কিলোমিটার বাঁধের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দ্বীপের দেড় লাখ মানুষের মধ্যে অন্তত এক লাখ মানুষের দিন কাটছে আতঙ্কে।