জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বই পড়ুন ও উপহার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানভিত্তিক উদার, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং প্রিয়জনকে বই উপহার দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমী আয়োজিত মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা বাস্তবায়নে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।প্রধানমন্ত্রী লেখক ও প্রকাশকদের প্রতি নতুন নতুন সুখপাঠ্য বই উপহার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন প্রজন্মকে বই পড়ার মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসংগ্রাম এবং সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে।’ শেখ হাসিনা বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস তুলে ধরে বলেন, ‘হঠাৎ করে আমাদের স্বাধীনতা আসেনি। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে।’ তিনি বলেন, বাঙালি জাতির ওপর বারবার আঘাত এসেছে। বাঙালি কখনোই থেমে থাকেনি, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার বিজয় অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র ছিল এবং থাকবে। এ ষড়যন্ত্রকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, তাঁর সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলতে চায়। এদের দমন করে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘হঠাৎ করেই ভাষা আন্দোলন শুরু হয়নি। ১৯৪৮ সালে এই আন্দোলন শুরু হয়। এই ভাষার দাবিতে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি রফিক, জব্বার, শফিক, বরকত, সালামসহ অনেকেই জীবন দান করেন। তাঁদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়েই আমাদের ভাষার অধিকার অর্জিত হয়।’প্রধানমন্ত্রী অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তাঁর সরকার স্বাধীনভাবে সবাইকে সংস্কৃতিচর্চার সুযোগ করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যারা আমাদের মাতৃভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল এবং মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা আজ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ, রাষ্ট্রভাষা ও রবীন্দ্রনাথ শীর্ষক তাঁর বক্তব্য থেকে আমরা প্রমাণ পাই, তিনি বাংলাদেশের একজন পরম বন্ধু। তাঁর বক্তব্য আমাদের একটি গণতান্ত্রিক সমাজ গঠন ও দারিদ্র্য বিমোচনের সংগ্রামকে অনুপ্রাণিত করবে।’সম্মানিত অতিথি অমর্ত্য সেন তাঁর বক্তৃতার শুরুতেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন ‘এই অনুষ্ঠানে আপনাদের সামনে কথা বলতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বোধ করছি।’ তিনি ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাঙালির ইতিহাস ও সংস্কৃতির সুপ্রাচীন ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গ্রহণ করার ক্ষমতা। প্রয়োজন অনুসারে বহু বিদেশি শব্দকে বাংলা ভাষা গ্রহণ করেছে। একইভাবে বাঙালিরও একটি প্রধান বৈশিষ্ট্য হলো ঐক্য। একতার উপলব্ধি বাঙালিকে আরও এগিয়ে নেবে।বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমী ভবনে জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের উদ্বোধন করেন। পরে তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় নোবেল বিজয়ী অমর্ত্য সেন শেখ হাসিনার লেখা সবুজ মাঠ পেরিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।