স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানবর্ষা এসে যাচ্ছে। নৌপথে পাকিস্তানি বাহিনী বিপদের আশঙ্কা করছে। মুক্তিবাহিনীর দমকা আক্রমণের মুখে জাহাজ বা লঞ্চ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঢোকা ঝুঁকিপূর্ণ। ছোট নৌযান বা স্পিডবোট পাওয়া গেলে বাঙালিদের শিক্ষা দেওয়া যায়।স্পিডবোট তৈরির তোড়জোড় শুরু হয়েছে। পাক বে ডকইয়ার্ডে (নারায়ণগঞ্জ) ৩০০ ফাইবার গ্লাসের স্পিডবোট বানানো হবে, ৩০০ ইঞ্জিন এসে গেছে। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে গেলেন ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ। তাঁর জবানিতেই ব্যাপারটা জেনে নেওয়া যাক: ‘আমার কাছে খবর আসে, শত্রুরা “পাক বে” কোম্পানিকে ৩০০ ফাইবার গ্লাস স্পিডবোট বানানোর নির্দেশ দিয়েছে। নারায়ণগঞ্জের পাক বে ডকইয়ার্ডে এসব স্পিডবোট তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই পাক বে কোম্পানির একজন অফিসারের ভাই আমার মুক্তিবাহিনীতে ছিলেন। সে এসে খবর দেয় যে এই স্পিডবোটে লাগানোর জন্য ৩০০ ইঞ্জিন সদ্য আনা হয়েছে এবং সেগুলো পাক বের গুদামে মজুদ রাখা হয়েছে।’যে তরুণ এই খবরটি দিলেন তাঁর নাম গিয়াস উদ্দিন। তাঁর ভাই আবদুল মালেকের সঙ্গে পাক বের ব্যবসা আছে। গিয়াস উদ্দিনের সঙ্গে আরও কয়েকজন এক্সপ্লোসিভ ট্রেইনড মুক্তিযোদ্ধাকে অপারেশনের জন্য নারায়ণগঞ্জে পাঠানো হলো। স্পিডবোট বানানোর প্লান্টটি অচিরেই ধ্বংস করে ফেলা দরকার। খালেদ মোশাররফের জবানে, ‘আমি তৎক্ষণাৎ সেই ছেলেটিকে আরও ১০ জন গেরিলা মনোনয়ন করার নির্দেশ দিই এবং এই সিদ্ধান্তে পৌঁছি যে এই মেশিনগুলোকে এখনই ধ্বংস করে ফেলতে হবে। কারণ, ফাইবার গ্লাস স্পিডবোট প্রস্তুত হয়ে গেলে শত্রুদের গতিবিধি অনেক গুণে বেড়ে যাবে। এই বর্ষার মৌসুমে শত্রুসেনারা বাংলাদেশের আনাচকানাচে পৌঁছতে পারবে। তখন আমাদের মুক্তিবাহিনীর পক্ষে সুদূর গ্রামের অবস্থানগুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়বে।’রেকি খুব সহজেই করা হয়ে গেল। মালেকের সুবাদে গিয়াস স্বাচ্ছন্দ্যে পাক বের মধ্যে ঘুরে ঘুরে সব তথ্য জোগাড় করে ফেললেন।অপারেশনের সময় নির্ধারিত হয়েছে ২৩ জুন রাত নয়টা। স্পিডবোট বানানোর প্লান্টটিতে এক্সপ্লোসিভ বসাতে হবে নিঃশব্দে। কোনো প্রহরীকে হত্যা করা যাবে না। আগেই গোলাগুলি হলে এক্সপ্লোসিভ বসিয়ে ভাগার সুযোগ পাওয়া যাবে না। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যাবে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একটি দলকে পাকিস্তানি সেনাদের কাভারিং ফায়ারের মধ্যে রাখার দায়িত্ব দেওয়া হলো। আরেকটি দল অপারেশন শুরুর আধঘণ্টা আগে ডকইয়ার্ডসহ গোটা এলাকার বিদ্যুৎ বন্ধ করে ফেলবে।২৩ জুন, ১৯৭১। গিয়াস উদ্দিন তাঁর দলবল নিয়ে শীতলক্ষ্যা নদী ধরে পাক বের দিকে এগিয়ে যাচ্ছেন। চারদিকে কঠোর সামরিক পাহারা। চারপাশে ফ্লাডলাইট বসানো আছে। পাক বে এলাকায় নৌকা ঢোকার আগেই বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকা ঘন অন্ধকারে ডুবে গেছে। অপারেশন শেষ করেই মুক্তিবাহিনী লক্ষ্মণখোলা ঘাট দিয়ে ফিরে যাবে—এ রকমটাই প্ল্যান করা হয়েছে।একেবারে নির্বিঘ্নে মুক্তিবাহিনী ডকইয়ার্ডে কায়দামতো এক্সপ্লোসিভ সেট করে ফেলল। এখন দ্রুত ভাগতে হবে। মুক্তিবাহিনী কিছুটা সরে এসেছে। এরই মধ্যে গোটা এলাকা প্রকম্পিত করে দিয়ে পাক বে ডকইয়ার্ডে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পাহারার দায়িত্বে থাকা পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেছে। মুক্তিবাহিনী পূর্বনির্ধারিত স্থান লক্ষ্মণখোলা ঘাটে এসে পড়েছে। এখান থেকেই শীতলক্ষ্যা নদী বেয়ে তারা নিরাপদে চলে যায়।ঘাটে পাঁচ-ছয়টির মতো নৌকা বাঁধা। ভয় পাওয়ার মতো ব্যাপার হলো, কোনো নৌকাতেই মাঝি নেই। এই জায়গায় থাকাটা মুক্তিবাহিনীর পক্ষে মোটেই নিরাপদ না। অচিরেই সরে যেতে হবে। আশপাশে জনমনিষ্যি নেই। শুধু ভীতিকর গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। পাকিস্তানি বাহিনী আহত হায়েনার মতো গর্জন করছে।এই নিদানকালে ত্রাতার মতো এসে হাজির হলেন জাফর উল্লাহ সাউদ। তিনি তালেবর কেউ নন, একজন সাধারণ তরুণ। কিন্তু তাঁর নৌকা বাওয়ার বিদ্যা আছে। আর আছে বাঘের মতো কলিজা। তিনি মুক্তিবাহিনীকে পৌঁছে দেবেন। মুক্তিবাহিনী নৌকায় নিরাপদ এলাকায় চলে যাচ্ছে। পেছনে দাউ দাউ করে জ্বলছে পাক বে ডকইয়ার্ড।টীকা: এই অপারেশনের খবর বিবিসি, ভয়েস অব আমেরিকা, আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছাড়াও পৃথিবীর নানা দেশের গণমাধ্যমে প্রচারিত হয়। টেলিভিশনে পাক বে ডকইয়ার্ডের ধ্বংসস্তূপের ছবিও দেখানো হয়।সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (তৃতীয় খণ্ড)—সেনাসদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র: দশম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা