জ্বলছে মহারাষ্ট্র সচিবালয়
মুম্বাইয়ে মহারাষ্ট্র রাজ্যে সরকারের সচিবালয়ে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভবনে অনেকে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।সচিবালয় ভবনের ষষ্ঠ তলায় মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে মন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কার্যালয় রয়েছে।স্থানীয় সময় পৌনে তিনটার দিকে সচিবালয়ের পঞ্চম তলায় রাজ্যের আদিবাসী উন্নয়নমন্ত্রী বাবন রাও পচপুতের কক্ষের কাছ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরে আগুন ধীরে ধীরে ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়ে। সচিবালয়ে আটক কর্মচারীদের অনেককে প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নিচে নামতে দেখা যায়।আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ভবন থেকে প্রায় পাঁচ হাজার লোক বেরিয়ে যান বলে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলের বাহিনীর ২৫টি গাড়ি ও পরে আরও ১৩টি গাড়ি নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মুম্বাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।