জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হচ্ছে। কাউকে রাখা হচ্ছে না-খাইয়ে। কাউকে বা দেওয়া হচ্ছে বৈদ্যুতিক শক। গৃহযুদ্ধকবলিত সিরিয়ার শিশুদের ওপর এভাবে নির্বিচারে নির্যাতন চলছে। ঘটছে শিশু আটক ও অপহরণের ঘটনা। ব্রিটিশ দাতব্য সংস্থা সিরিয়ায় নিরপরাধ শিশুদের ওপর নির্যাতনের এই তথ্য তুলে ধরে বলেছে, এটি একটি তথ্যচিত্রের ভালো উপকরণ হতে পারে। এ ব্যাপারে এগিয়ে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের শুরুতেই সেভ দ্য চিলড্রেন তাদের প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিরিয়ার শিশুরা সেখানে প্রতিনিয়ত নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। তারা কারাবন্দী হচ্ছে। তাদের ওপর এ ধরনের নৃশংসতা তথ্যচিত্র আকারে লিপিবদ্ধ করা প্রয়োজন। শরণার্থী সিরীয় শিশুদের পাশে এসে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের এই সংস্থা।সিরিয়ায় গত ১৮ মাসের সংঘর্ষে বিভিন্ন সময় শিশুদের ওপর নির্যাতন নিয়ে বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করে সেভ দ্য চিলড্রেন। দিরা শহরে শিশুদের আটক ও নির্যাতন করার পর তাদের এই কাজ আরও গতি পায়।সিরিয়ায় প্রায় প্রতিটি শিশু সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাদের জানায়, তারা তাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে হত্যার শিকার হতে দেখেছে। ১৫ বছর বয়সী এক শিশু ওই দাতব্য সংস্থাকে জানায়, কারাগারে বন্দী থাকা অবস্থায় তার গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হতো। আর এক শিশু জানায়, তাকে বৈদ্যুতিক শক দেওয়া হতো এবং গলিত লাশের সঙ্গে এক ঘরে থাকতে হতো। ওয়ায়েল নামের ১৬ বছরের আরেক কিশোর জানায়, বন্দী অবস্থায় ছয় বছরের এক শিশু নির্যাতন ও অনাহারে মারা গেছে। ওয়ায়েল জানায়, ‘ছেলেটি সব সময় আতঙ্কে থাকত। তারা ছেলেটির ওপর কুকুরের মতো নির্যাতন চালাত।’শিশুদের ওপর এ ধরনের নির্যাতনকে ধারাবাহিক নির্যাতন ও মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছে সেভ দ্য চিলড্রেন। তাই সিরিয়ায় জাতিসংঘ কর্মকর্তাদের উপস্থিতি বৃদ্ধি করে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানায় সংস্থাটি।