কোথায় যে যাস তুই হঠাৎ ক’দিন পর ফিরিস/যেন বা ভুঁইফুড়ে কার সঙ্গে কী বলিস ফিসফাস কিচিরমিচির—কবি নাসির আহমেদের ‘পিতা-পুত্রের সংলাপ-১৯৭১’ কবিতার মধ্যদিয়ে শুরু হয়েছিল আবৃত্তি সন্ধ্যা। এরপর পারবে কি রুখে দিতে, সেই রাতের কল্পকাহিনী, বাংলার মুখ আমি দেখিয়াছি, ধূসর শহরসহ আরও বেশ কিছু কবিতা পরিবেশন করেন আবৃত্তিশিল্পীরা।গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৩২তম ধারাবাহিক আয়োজন ‘জ্বালাও আলো আপন আলো’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুুষ্ঠানে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সদস্য সাজ্জাদ হোসেন ও শায়লা লাবনী কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া উচ্চারণ আকাদেমির সদস্য রুমা সরকার ও সালমা রহমান, প্রথম আলো ঢাকা বন্ধুসভার সদস্য হাসান ইমাম, হুর-এ-জান্নাত ও কথন আবৃত্তি সংগঠনের সুমনা বিশ্বাস ও সন্তোষ ঢালী কবিতা আবৃত্তি করেন।অনুষ্ঠানে আবৃত্তিকার আনিসুজ্জামানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর এ সাত্তার সভায় বক্তৃতা করেন।