জ্বালাও-পোড়াও বন্ধের আহ্বান ইমাম-ওলামা ঐক্য পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংমার্চ ও হরতালের নামে জ্বালাও-পোড়াও বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয়ক ঐক্য পরিষদ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আলেমদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন। তিনি দাবি করেন, ‘বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাফেজ্জি হুজুর (র.) ফতোয়া দিয়েছিলেন হরতাল করা হারাম। কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর আলেম আজ হরতাল ঘোষণা করছেন। লংমার্চের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছেন।’ তিনি তাঁদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘হরতাল, লংমার্চ করলে কি ইসলাম কায়েম হয়ে যাবে? মহানবী (সা.) কি কখনো সাহাবিদের নিয়ে হরতাল বা লংমার্চ করেছেন? না, মহানবী (সা.) এটা করেননি। তাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’হেফাজতে ইসলামের উদ্দেশে ইসমাইল হোসাইন বলেন, ‘আপনারা জ্বালাও-পোড়াও বাদ দিয়ে সরকারের ওপর আস্থা রাখুন। সরকার ইতিমধ্যে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছে।’ তাই সরকারের ওপর আস্থা রেখে লংমার্চসহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলামের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে সংগঠনটি। তাঁরা অন্য একটি গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করছে বলেও তিনি মন্তব্য করেন।গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশ নেন মুফতি এস এইচ এম আরিফ বিল্লাহ, মাওলানা নূর মো. আহাদ আলী, মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী, আবু বকর সিদ্দিক, কাজী মো. শফিকুল ইসলাম, আবদুল্লাহ মো. শাহীন প্রমুখ।