জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাজেটে থোক বরাদ্দের দাবি
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য আগামী পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়নে আসন্ন বাজেটে থোক বরাদ্দ রাখার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি।আজ শনিবার রাজধানীর মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘জ্বালানি ও বিদ্যুত্ খাত: বাজেট ২০১২’ শীর্ষক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষে থেকে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিতে বক্তব্য পাঠ করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।কমিটির নেতারা সরকারকে সতর্ক করে বলেছেন, বরাদ্দ যদি কিছু গোষ্ঠীর জন্য করা হয়, তবে তা উল্টো জনগণের দীর্ঘমেয়াদি বোঝা হয়ে দাঁড়াবে। জ্বালানি ও বিদ্যুত্ খাতের অভিজ্ঞতা এমনই বলে তাঁরা দাবি করেন।সংবাদ সম্মেলনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে বিদ্যুত্ সমস্যা সমাধানের কিছু নীতিগত দিক নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গ্যাসক্ষেত্র ও কয়লা খনিতে জাতীয় মালিকানা নিশ্চিত করার দাবি জানিয়েছে কমিটি। একই সঙ্গে শতভাগ সম্পদ দেশের কাজে ব্যবহার করা, বিদেশিদের হাতে মালিকানা না দেওয়া এবং রপ্তানিমুখী চুক্তি না রাখাও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিদ্যুেক গণ-সেবাভিত্তিক পণ্যে পরিণত করা, ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুেকন্দ্র চালু ও নবায়ন করাসহ আরও কিছু দাবি তুলে ধরা হয়।বাজেটে থোক অর্থ বরাদ্দের দাবি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, এ অর্থ পেট্রোবাংলা ও বাপেক্সের শূন্যপদ পূরণ, দক্ষ জনশক্তি গড়ার জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা, আধুনিক যন্ত্রপাতির সম্ভার গড়ে তোলা, পেট্রোলিয়াম ইনস্টিটিউটকে শক্তিশালী করার কাজে ব্যয় করতে হবে। এ ছাড়া এ খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে নতুন বিভাগ খোলার দাবিও জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।