জ্বালানি ও মূল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জ্বালানি পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে সরকার যে উদ্বিগ্ন, তা জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে আশ্বাস দিলেন জ্বালানিসংকট কাটাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা। অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি বেড়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সামাজিক নিরাপত্তার বেষ্টনী বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভর্তুকিও বাড়াবে।’আজ রোববার দেশের অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু কাওসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, সরকার দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে চায়। এ ক্ষেত্রে বিদ্যুত্, জ্বালানি ও যোগাযোগব্যবস্থা বড় বাধা। সরকার গ্রামের জনগণকে বিদ্যুত্ দিতে চায়। বর্তমানে গ্রামীণ জনগোষ্ঠীর মাত্র ৪৫ শতাংশ বিদ্যুত্ সুবিধা পাচ্ছে। মুহিত বলেন, সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, তাতে ২০১৫ সালের মধ্যে নয় হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব হবে। তবে ২০১২ সালের মধ্যে বিদ্যুত্সংকট থেকে উত্তরণ সম্ভব হলেও পুরো চাহিদা মেটাতে হলে ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থমন্ত্রী জানান, বিবিয়ানার প্রথম প্রকল্পের কার্যাদেশ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। এ ছাড়া দ্বিতীয় প্রকল্পের কার্যাদেশ জানুয়ারির মধ্যে দেওয়া হবে। এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র নির্মাণে প্রায় পাঁচ বছর সময় লেগে যায়।মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান মূল্যস্ফীতির হার আগের চেয়ে কিছুটা কমলেও এখনো ওপরের দিকে রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুন মাসে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭০ শতাংশ থাকলেও গত আগস্টে তা কমে হয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। তবে জুলাই মাসে এই হার ছিল ৭ দশমিক ২৬ শতাংশ।তবে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও এখনো এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতি প্রশমনে সরকার সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানোর পাশাপাশি খাদ্যে ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। মুহিত জানান, এরই অংশ হিসেবে সরকার ইতিমধ্যে চার লাখ টন খাদ্য আমদানি এবং দুই লাখ টন খাদ্য স্থানীয়ভাবে সংগ্রহ করেছে। আর স্থানীয়ভাবে খাদ্যের উত্পাদন বাড়ানোর জন্য বোরো মৌসুমের আগেই সারের দাম কমানো হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রাও বেড়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজার প্রতিনিয়ত ওঠানামা করছে। অচিরেই খাদ্যসামগ্রীর দাম কমার কোনো লক্ষণ নেই। তা ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ছে। তবে জ্বালানি তেলের দর স্থিতিশীল। চলতি অর্থবছরে দেশে বিনিয়োগ বেড়ে তা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ২৪ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭০ শতাংশ প্রাক্কলন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।