অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ কার্যকর হয় না: বিশ্বব্যাংক
জ্বালানি খাতের ভর্তুকির হিসাব বাজেটে দেখানো উচিত
বিশ্বব্যাংক মনে করে, নতুন অর্থবছরে দশমিক ৭ শতাংশ হারে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব। তবে তা নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর; যেমন—বিনিয়োগ বৃদ্ধি, বাস্তবায়নের সামর্থ্য ও ভাগ্য। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি ও আবহাওয়া ভাগ্য ভালো না খারাপ, তা নির্ধারণ করবে।সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, নতুন অর্থবছরের জন্য বিনিয়োগ-পরিবেশ তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই জ্বালানি-সংকটের সমাধান করতে হবে। জাহিদ হোসেন বলেন, জ্বালানি খাতের আর্থিক লাভের দিকটি নিশ্চিত করতে হবে। সরকারের যেসব পরিকল্পনা রয়েছে, এর ফলে তৈরি হওয়া আর্থিক দায় এবং কখন কত অর্থ লাগবে, তার একটি হিসাব করা প্রয়োজন। এ জন্য যে ভর্তুকির প্রয়োজন হবে, তার বরাদ্দ বাজেটের মাধ্যমেই দেওয়া উচিত।২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূল্যায়ন করে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশ্বব্যাংক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাহিদ হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ বৈধ করার যেসব সুযোগ অতীতে দেওয়া হয়েছিল, তা থেকে ভালো কোনো ফল পাওয়া যায়নি। আবার একই ধরনের সুযোগ দেওয়া হলেও এবারও একই অবস্থা হবে বলে মনে হচ্ছে।জাহিদ হোসেন আরও বলেন, দেশে এখন মোট দেশজ উর্যাপাদনে (জিডিপি) যে প্রবৃদ্ধি হচ্ছে, তা মূলত অভ্যন্তরীণ চাহিদানির্ভর। আর এ ক্ষেত্রে বড় অবদান রাখছে পল্লি এলাকার অকৃষি খাতের আয় ও প্রবাসী-আয়। তবে এ রকম ভোগনির্ভর প্রবৃদ্ধি টেকসই হবে না। কারণ উর্যাপাদন না বাড়লে আমদানি বাড়াতে হবে। সে ক্ষেত্রে সংকট একসময় বেড়ে যাবে। তিনি বলেন, বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি হতে হবে। আর এ জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি বিনিয়োগের পরিমাণ ও গুণগত মান বাড়ানো।জাহিদ হোসেন বলেন, দেশে এখন বিনিয়োগ বাড়ানোই মূল সমস্যা। বেসরকারি বিনিয়োগের তুলনায় বেসরকারি সঞ্চয় বেড়েই চলছে। এই অতিরিক্ত সঞ্চয় হয় বাজেট-ঘাটতি মেটাতে ব্যয় হচ্ছে অথবা বাইরে পাচার হয়ে যাচ্ছে।বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, এই হার সাড়ে ৫ শতাংশের কিছু বেশি। এই দুই ধরনের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাহিদ হোসেন বলেন, জাতীয় আয়ের হিসাব করার সামর্থ্য শুধু বিবিএসেরই আছে। সুতরাং পরিসংখ্যান নিয়ে কোনো সমস্যা হলে বিবিএসকে সঙ্গে নিয়েই তা সমাধান করতে হবে।বিনিয়োগ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, গত দুই সপ্তাহে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) নিয়ে কিছু অগ্রগতি হয়েছে, নীতিমালা অনুমোদন পেয়েছে। এখন বাস্তবায়ন কতটা হবে, সেটাই গুরুত্বপূর্ণ। এরই মধ্যে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এখন দেখা যাক কাজ কত দূর এগোয়।জাহিদ হোসেন বলেন, নতুন অর্থবছরের জন্য চারটি বিষয়ের ওপর নজর রাখা জরুরি; যেমন—নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এই নতুন আইনটি দক্ষ ও স্বচ্ছ হতে হবে। জ্বালানি খাতের আর্থিক লাভের দিকটি নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি তৈরি করতে হবে। স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক কর্তৃত্ব বাড়াতে হবে এবং নতুন তৈরি করা পিপিপির কার্যালয়কে কার্যকর ও সক্রিয় করতে হবে।