জ্বালানি তেলের দাম আরও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন ব্যয় অনুযায়ী বিদ্যুতের দাম এবং আমদানি ব্যয় অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণের নীতি নিয়েছে সরকার। পর্যায়ক্রমে দাম বাড়িয়ে উৎপাদন ও আমদানি ব্যয়ের সঙ্গে ওই দুটি কৌশলগত পণ্যের দামে সামঞ্জস্য আনা হবে। এর অর্থ, জ্বালানি তেলের দাম আরও বাড়বে।সরকারি সূত্র জানায়, গতকাল শুক্রবার থেকে কার্যকর হওয়া জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক গতকাল সাংবাদিকদের এ কথা বলেছেন।এ ছাড়া কাল রোববার থেকে বাড়ছে দেশের একমাত্র উৎপাদনরত কয়লাখনি বড়পুকুরিয়ার কয়লার দাম। গত বুধবার জ্বালানি মন্ত্রণালয় কয়লার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা প্রতি মেট্রিক টন কয়লার দাম বর্তমান ৮৪ মার্কিন ডলার থেকে ২৬ ডলার বাড়িয়ে ১১০ ডলার হচ্ছে।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি তুলে দেওয়া সরকারি নীতির চূড়ান্ত লক্ষ্য। তবে কৃষি ও অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর ব্যবহূত বিদ্যুৎ ও জ্বালানির জন্য আলাদাভাবে ভর্তুকির ব্যবস্থা রাখা হবে। আর বিদ্যুৎ ও জ্বালানির দাম একবারে বেশি না বাড়িয়ে পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল শুক্রবার সাংবাদিকদের এই একই কথা বলেছেন।ঘন ঘন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। গতকাল প্রথম আলোর কার্যালয়ে ঢাকা ও ঢাকার বাইরে থেকে অনেক পাঠক ফোন করে জানতে চান, মূল্যবৃদ্ধির শেষ কোথায়? কত দাম বাড়লে সরকার থামবে? তাঁরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টার এবং সিএনজির দাম বাড়ানো সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্যে উষ্মা প্রকাশ করেন।অর্থনীতিবিদের দৃষ্টিতে: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এবারে দাম বাড়ানোটা সরকারের জন্য বিশেষ জরুরি হয়ে পড়েছিল টাকার অবমূল্যায়নের কারণে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত থাকলেও টাকার অবমূল্যায়নের কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে হলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উৎকর্ষ বাড়ানোর বিকল্প নেই।মোস্তাফিজুর রহমান বলেন, তবে কতবার এবং কতটা দাম বাড়াতে হবে, তা সরকারের কৌশলের ওপর অনেকাংশে নির্ভর করবে। যেমন—সরকার যদি এখন ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তাহলে জ্বালানির আমদানি কমবে। আর তা না পারলে পরিস্থিতি আরও নেতিবাচক হবে।সিপিডির নির্বাহী পরিচালক বলেন, দাম বাড়ানোর পাশাপাশি আরও দুটি বিষয়ে সতর্ক নজরদারি করতে হবে সরকারকে। এক. সামাজিক নিরাপত্তাবেষ্টনীগুলো ভালোভাবে বাস্তবায়ন করা এবং সম্ভব হলে তার আওতা বাড়ানো। দুই. অনেক ব্যবসায়ী, বিশেষ করে পরিবহন খাতের ব্যবসায়ীরা জ্বালানির মূল্যবৃদ্ধিকে অতি মুনাফার কৌশল হিসেবে ব্যবহার করেন। জ্বালানির দাম যেটুকু বাড়ে, তার তুলনায় অনেক বেশি হারে ভাড়ার বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দেন। এ ধরনের বিষয় সরকারকে রুখতে হবে।জ্বালানি তেল: জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোলিয়াম করপোরেশনের সূত্রগুলো জানায়, এ বছর মোট চারবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে সরকারকে প্রায় ১২ টাকা এবং ফার্নেস তেলে প্রায় নয় টাকা ভর্তুকি দিতে হবে।তবে অকটেন ও পেট্রলের দাম এখনকার তুলনায় লিটারপ্রতি ১৫ থেকে ১৯ টাকা কমানো যায়। কারণ, এই দুটি পণ্যে সরকার ওই পরিমাণ মুনাফা করছে। বিমানের জ্বালানিতেও কিছুটা মুনাফা করা হচ্ছে। এই পণ্যগুলো অপেক্ষাকৃত সচ্ছল ব্যক্তিরা ব্যবহার করেন বলে এ ক্ষেত্রে লাভ করার নীতি নিয়েছে সরকার।ডিজেল ও কেরোসিনের লোকসান এবং পেট্রল-অকটেন ও বিমানের জ্বালানির মুনাফা হিসাব করে জ্বালানি তেলের আমদানি মূল্যের সঙ্গে যে ব্যবধান থাকে, তা-ও পর্যায়ক্রমে দাম বাড়ানোর মাধ্যমে সমন্বয় করা হবে।সূত্রগুলো জানায়, বিদ্যুৎ ও জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে দেওয়া সরকারের একটি অতি উচ্চাভিলাষী চিন্তা। কৃষি এবং দরিদ্রদের জন্য আলাদাভাবে ভর্তুকি দেওয়ার পদক্ষেপ যতই নেওয়া হোক, তা দিয়ে সামগ্রিক মূল্য-পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। সব স্তরের সাধারণ মানুষের ওপর অসহনীয় চাপ সৃষ্টি হবে।বিশেষজ্ঞরা জানান, ডিজেল ও ফার্নেস তেলের চাহিদা বেশি হয়েছে ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে। সরকার যদি এর পাশাপাশি বিদ্যুৎ খাতে মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে আশানুরূপ অগ্রসর হতে পারত, তাহলে আর বেশি দিন ডিজেল-ফার্নেস তেলের ভর্তুকির বোঝা বইতে হতো না।সিএনজির দাম: যানবাহনের পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোরও প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এবার প্রতি ঘনমিটার সিএনজির দাম ৩৫ টাকা করা হতে পারে। শুরুতে এর দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি ঘনমিটার সাড়ে আট টাকা। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়, ২০০৮ সালের এপ্রিলে প্রথমবার দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়।এরপর গত ১২ মে আরেকবার দাম বাড়িয়ে ২৫ টাকা এবং গত ১৯ অক্টোবর আরও একবার দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার সিএনজি ৩০ টাকা করা হয়।সরকারি হিসাব অনুযায়ী, এখনো দেশে সিএনজির দাম ভারত ও পাকিস্তানের চেয়ে কম।কয়লার দাম: বড়পুকুরিয়া খনির কয়লার দাম টনপ্রতি ২৬ ডলার বাড়ানোর ফলে সেখানকার তাপবিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুতের দাম বর্তমানের সাড়ে তিন টাকা থেকে বেড়ে চার টাকা ৫৮ পয়সা হবে। কিন্তু তাতেও কয়লাখনি কোম্পানির লোকসান অব্যাহত থাকবে। কারণ, বড়পুকুরিয়া খনি থেকে প্রতি টন কয়লার উত্তোলন ব্যয় এখন প্রায় ১৩৫ ডলার। বিদ্যুৎকেন্দ্রের বাইরে অল্প পরিমাণ যে কয়লা বিক্রি করা হয়, তার দাম ১৪০ ডলারের বেশি।একটি সূত্র জানায়, বড়পুকুরিয়া খনির কয়লার দাম বাড়িয়ে কয়লাভিত্তিক কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম বাড়ানোর কারণ, ভারতের এনটিপিসি ও পিডিবির যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে যে বিদ্যুৎকেন্দ্রটি হওয়ার কথা, সেটিতে উৎপাদিত বিদ্যুতের বাড়তি দামকে যৌক্তিক করা বা বড়পুকুরিয়া কেন্দ্রের সঙ্গে ওই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দামের মধ্যে যতটা সম্ভব সামঞ্জস্য রাখা।