জ্বালানি তেলের দাম বাড়ল
মাত্র সাড়ে তিন মাসের মাথায় বেড়ে গেল জ্বালানি তেলের দাম। অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা এবং ফার্নেস তেলের দাম প্রতি লিটারে আট টাকা করে বাড়ানো হয়েছে।আজ রোববার রাত সাড়ে আটটায় এক নির্বাহী আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। রাত ১২টার পর থেকেই এই দাম বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গেছে।এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা করে বাড়ানো হয়। নতুন করে দাম বাড়ার ফলে এখন প্রতি লিটার অকটেনের দাম হবে ৮৪ টাকা। পেট্রোল ৮১ টাকা। ডিজেল ও কেরোসিন ৫১ টাকা এবং ফার্নেস তেল ৫০ টাকা। তার মাত্র এক মাস আগে, গত ৬ এপ্রিল ফার্নেস তেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়ানো হয়েছিল।বর্তমান সরকারের আমলে একযোগে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি এটাই প্রথম। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে দাম কমলে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেশেও জ্বালানি তেলের দাম কমানো হয়। সর্বশেষ কমানো হয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায়, ২০০৯ সালের ১৩ জানুয়ারি। তখন প্রতি লিটার ডিজেলের দাম দুই টাকা করে কমানো হয়েছিল।