জ্বালানি তেলের দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র সাড়ে তিন মাসের মাথায় সরকার নির্বাহী আদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা এবং ফার্নেস তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে।এর ফলে এখন প্রতি লিটার অকটেনের দাম হবে ৮৪ টাকা, পেট্রল ৮১, ডিজেল ও কেরোসিন ৫১ এবং ফার্নেস তেলের দাম হবে ৫০ টাকা। ফার্নেস তেলের দাম গত মে মাসের আগে ৬ এপ্রিলও প্রতি লিটার দুই টাকা করে বাড়ানো হয়েছিল। অর্থাৎ সাড়ে চার মাসের মধ্যে ফার্নেস তেলের দাম তিনবার বাড়ানো হলো। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে ফার্নেস তেলের ব্যবহার এখন বিপুল।গতকাল রোববার রাত সাড়ে আটটায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। রাত ১২টার পর থেকে এ ঘোষণা কার্যকর হয়েছে। এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা করে বাড়ানো হয়েছিল। সেটিই ছিল বর্তমান সরকারের আমলে প্রথম একযোগে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে দাম কমলে, ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেশেও সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। সর্বশেষ কমানো হয় বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায়, ২০০৯ সালের ১৩ জানুয়ারি। তখন প্রতি লিটার ডিজেলের দাম দুই টাকা করে কমানো হয়েছিল।প্রেক্ষাপট: এবার দাম বাড়ানোর সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে না বাড়লেও আগে থেকেই বেশি ছিল। এর পরিপ্রেক্ষিতে দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে এখন যে দাম, সে অনুযায়ী বাড়ানো হলে আরও বেশি বাড়াতে হতো। তবে তা সব শ্রেণীর ব্যবহারকারীর জন্য সহনীয় হতো না। অর্থনীতিতে এর প্রভাবও বেশি বিরূপ হতে পারত। জ্বালানিসচিব বলেন, বর্তমানে বিশ্ববাজারের দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে সরকারকে ভর্তুকি দিতে হয় ২৭ টাকা। পাঁচ টাকা বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ২২ টাকা করে ভর্তুকি দিতে হবে। কেরোসিনের ভর্তুকিও প্রায় একই রকম। এ ছাড়া প্রতি লিটার অকটেনে আট টাকা, পেট্রলে প্রায় ১৩ টাকা করে ভর্তুকি দিতে হতো। এখন তা লিটারপ্রতি পাঁচ টাকা করে কমবে। তবে বর্তমানে প্রয়োজনীয় পেট্রল দেশেই উৎ পাদিত হওয়ায় আমদানি করতে হচ্ছে না। এতে কিছুটা সাশ্রয় হচ্ছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মোক্তাদির আলী বলেন, দাম বাড়ানোর ফলে সরকারের বাড়তি আয় হবে প্রায় চার হাজার কোটি টাকা। এ বছর জ্বালানি তেল খাতে সরকারকে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো। এখন দিতে হবে ১৪ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদের দৃষ্টিতে: জ্বালানি তেলের দাম বৃদ্ধির অভিঘাত প্রসঙ্গে জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অর্থনীতির সব খাতেই এর বিরূপ প্রভাব পড়বে। তবে এর কোনো সহজ সমাধান নেই। কারণ, একদিকে জ্বালানি তেলের জন্য সরকারের ভর্তুকি বিপুল পরিমাণে বেড়ে যাচ্ছে। এতে রাজস্ব আয়-ব্যয়ের কাঠামো অস্থিতিশীল হয়ে পড়ছে। অন্যদিকে, এমনিতেই দেশে মূল্যস্ফীতি বাড়ছে, সেখানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামও বাড়বে।মোস্তাফিজ বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আবার এর কারণে মূল্যস্ফীতি, উৎ পাদন খরচ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিও বাস্তব।দ্রব্যমূল্য: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, পরিস্থিতি সহনীয় রাখার ওই সব পদক্ষেপ গ্রহণের আগেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে সব ধরনের পণ্যের দাম বাড়বে। যেকোনো ধরনের শিল্পোৎ পাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ব্যয় বাড়বে দেশবাসীর জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য পরিস্থিতির এই সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত আর্থিক চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও একটু কঠিন করে তুলবে।বিদ্যুৎ উৎ পাদন: জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের উৎ পাদন ব্যয়ও বাড়বে। বর্তমান সরকার ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক বেশ কিছু নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। এ ছাড়া দেশে গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানও ফার্নেস তেল দিয়ে চালানো হচ্ছে। শুধু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য গত ফেব্রুয়ারি মাসে যেখানে ফার্নেস তেলের চাহিদা ছিল ৩৯ হাজার টন, সেখানে চলতি সেপ্টেম্বর মাসে চাহিদা দাঁড়িয়েছে এক লাখ টনেরও বেশি। একইভাবে বিদ্যুৎ উৎ পাদনে ডিজেলের চাহিদাও বাড়বে। এতে বিদ্যুতের উৎ পাদন ব্যয় বৃদ্ধির ফল হিসেবে সব ধরনের উৎ পাদন ব্যয় বাড়বে, যার বিরূপ প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপর।গণপরিবহন ব্যয়: দেশের জ্বালানি তেলনির্ভর যাতায়াত ও গণপরিবহনব্যবস্থায়ও এই দাম বৃদ্ধির বিরূপ প্রভাব পড়বে। এই খাতে বর্তমানে এমনিতেই বেশ বিশৃঙ্খলা চলছে। বিশেষ করে, নগর পরিবহনের কোনো যানবাহনই ভাড়ার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করে না। এই অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তাদের আরও উৎ সাহিত করবে। সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে। সরকার আগের মতোই এ ক্ষেত্রে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হবে।বিইআরসি উপেক্ষিত: আগের মতো এবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) উপেক্ষা করা হয়েছে। বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো-কমানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিইআরসির। সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে আবেদন করলে বিইআরসি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আইনে এ রকমই বিধান রাখা হয়েছে।