জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে
দুই মাসেরও কম সময়ে সরকার আবারও নির্বাহী আদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে।এ নিয়ে চলতি বছরেই ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বেড়েছে তিনবার। আর ফার্নেস তেলের দাম বেড়েছে চারবার।পাঁচ টাকা বাড়ানোর ফলে এখন প্রতি লিটার অকটেনের দাম হবে ৮৯ টাকা, পেট্রল ৮৬ টাকা। ডিজেল ও কেরোসিন ৫৬ টাকা এবং ফার্নেস তেলের দাম হবে প্রতি লিটার ৫৫ টাকা।এর আগে গত ১৮ সেপ্টেম্বর অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা এবং ফার্নেস তেলের দাম লিটারে আট টাকা বাড়ানো হয়। এর আগে ৫ মে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা করে বাড়ানো হয়েছিল। সেটিই ছিল বর্তমান সরকারের আমলে প্রথম একযোগে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ফার্নেস তেলের দাম মে মাসের আগে ৬ এপ্রিল প্রতি লিটারে দুই টাকা করে বাড়ানো হয়। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে ফার্নেস তেলের ব্যবহার বিপুল পরিমাণ বেড়েছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশেও দাম বাড়ানো হয়েছিল। পরে বিশ্ববাজারে দাম কমলে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেশেও সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এ ছাড়া বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় ২০০৯ সালের ১৩ জানুয়ারি ডিজেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছিল।