সরকার নির্বাহী আদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি দুই টাকা বাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। গতকাল রাত ১২টার পর থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে।এর ফলে এখন প্রতি লিটার অকটেনের দাম হবে ৭৯ টাকা। পেট্রল ৭৬ টাকা। ডিজেল ও কেরোসিন ৪৬ টাকা এবং ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৪২ টাকা। এক মাস আগে গত ৬ এপ্রিলও ফার্নেস তেলের দাম দুই টাকা বাড়ানো হয়েছিল।বর্তমান সরকারের আমলে একযোগে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এই প্রথম। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে দাম কমলে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেশেও সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। সর্বশেষ কমানো হয় বর্তমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মাথায়, ২০০৯ সালের ১৩ জানুয়ারি। তখন প্রতি লিটার ডিজেলের দাম দুই টাকা করে কমানো হয়েছিল।এবারের প্রেক্ষাপট: এবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে এখন যে দাম, সে অনুযায়ী বাড়ানো হলে আরও অনেক বেশি বাড়াতে হতো। তিনি বলেন, বর্তমানে বিশ্ববাজারের দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে সরকারকে ভর্তুকি দিতে হয় ৩৩ টাকারও বেশি। প্রতি লিটার কেরোসিনে দিতে হয় ৩৩ টাকার কিছু কম। প্রতি লিটার অকটেনে আট টাকা, পেট্রলে প্রায় ১৩ টাকা করে ভর্তুকি দিতে হয়।অর্থনীতিবিদের দৃষ্টিতে: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে জানতে চাইলে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অর্থনীতির সব খাতেই এর বিরূপ প্রভাব পড়বে। তবে এর কোনো সহজ সমাধান নেই। কারণ একদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সরকারের ভর্তুকিও বিপুল বেড়ে যাচ্ছে। ফলে রাজস্ব আয়-ব্যয়ের কাঠামো অস্থিতিশীল হয়ে পড়ছে। অন্যদিকে এমনিতেই দেশে মূল্যস্ফীতি বাড়ছে, সেখানে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামও বাড়বে।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ অবস্থা থেকে উত্তরণের একটি পথ হলো বিদ্যুৎ খাতে জ্বালানি সরবরাহ বাড়িয়ে শিল্পে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি করা। এর ফলে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা যেতে পারে।দ্রব্যমূল্য: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, পরিস্থিতি সহনীয় রাখার ওই সব পদক্ষেপ নেওয়ার আগেই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সব ধরনের পণ্যের দাম বাড়বে। যেকোনো ধরনের শিল্পোৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ব্যয় বাড়বে দেশবাসীর জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে।ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য পরিস্থিতির এই সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত আর্থিক চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও একটু কঠিন করে তুলবে।বিদ্যুৎ উৎপাদন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বাড়বে। সরকার ডিজেল ও ফার্নেস তেলভিত্তিক অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। এ ছাড়া দেশে গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানও ফার্নেস তেল দিয়ে চালানো হচ্ছে। শুধু বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য গত ফেব্রুয়ারি মাসে যেখানে ফার্নেস তেলের চাহিদা ছিল ৩৯ হাজার টন, সেখানে এপ্রিল মাসে চাহিদা দাঁড়িয়েছে ৯১ হাজার টনেরও বেশি। আরও নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় আগামী জুলাই-আগস্ট মাসে ফার্নেস তেলের চাহিদা হবে প্রায় দেড় লাখ টন। একইভাবে বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের চাহিদাও বাড়বে। এতে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধির ফল হিসেবে সব ধরনের উৎপাদন ব্যয় বাড়বে, যার বিরূপ প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপর।গণপরিবহন ব্যয়: দেশের জ্বালানি তেলনির্ভর যাতায়াত ও গণপরিবহন ব্যবস্থায়ও এর বিরূপ প্রভাব পড়বে। এই খাতে বর্তমানে এমনিতেই বিশৃঙ্খলা চলছে। বিশেষ করে, নগর পরিবহনের কোনো যানবাহনই ভাড়ার ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা করে না। এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তাদের আরও উৎসাহিত করবে। সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে।সিএনজির দাম বাড়ছে: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সূত্রগুলো জানায়, সিএনজির দাম বাড়ার বিষয়টি তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আগামী সপ্তাহে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হতে পারে। সিএনজির দাম বাড়ানোর ক্ষেত্রে গণপরিবহনকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। কাজেই যানবাহনভেদে প্রতি ঘনমিটার সিএনজির দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে। সিএনজির দাম বাড়লেও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বাড়বে।বিইআরসি উপেক্ষিত: আগের মতো এবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) উপেক্ষা করা হয়েছে। বিইআরসি আইন, ২০০৩ অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো-কমানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিইআরসির। সংশ্লিষ্ট সংস্থা এ বিষয়ে আবেদন করলে বিইআরসি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আইনে এ রকমই বিধান রাখা হয়েছে।তা সত্ত্বেও বিইআরসিকে পাশ কাটিয়ে দাম বাড়ানোর কারণ হিসেবে মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, জরুরি ভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে এ প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হয়নি। তবে বিইআরসি আইনে এ ধরনের জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও বিধান রয়েছে। এ ক্ষেত্রে বিইআরসি উন্মুক্ত সভা, গণশুনানি প্রভৃতি সময়সাপেক্ষ প্রক্রিয়া ছাড়াই দাম বাড়াতে-কমাতে পারে। কিন্তু বিইআরসিকে পাশ কাটিয়ে এটা করার কোনো আইনি বিধান দেশে নেই।