জ্বালানি তেলের মূূল্য বৃদ্ধির প্রভাব বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের ওপর। এতে পণ্য পরিবহন খরচ যে হারে বেড়েছে, ট্রাকচালক ও মালিকেরা নিচ্ছেন তার চেয়ে বেশি দাম। আর এই অজুহাতে ব্যবসায়ীরাও বাড়িয়ে দিচ্ছেন পণ্যের দাম।ব্যবসায়ীরা বলছেন, ট্রাকে বেশি ভাড়া নেওয়ায় পণ্যের পরিবহন ব্যয় বেড়ে গেছে। অন্যদিকে ট্রাকচালকদের দাবি, তাঁরা এখনো আগের ভাড়াতেই পণ্য পরিবহন করছেন। দু-এক দিনের মধ্যেই জ্বালানি মূল্যের সঙ্গে সংগতি রেখে ভাড়া বাড়াবেন তাঁরা।সবজিতে প্রভাব সামান্য: সবজির বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখনো তেমন পড়েনি। দেশের বিভিন্ন স্থান থেকে সবজি পরিবহন করা ট্রাকচালকেরা বলছেন, তাঁরা আগের ভাড়াতেই পণ্য আনা-নেওয়া করছেন। কিন্তু তেলের দাম বেশি হওয়ায় তা পুষিয়ে নিতে ব্যাপারিদের কাছ থেকে কিছু বাড়তি টাকা চেয়ে নেবেন।তবে কয়েকজন ব্যাপারি বললেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বেশি দামে তাঁদের পণ্য আনতে হচ্ছে। চালকেরা এখন আর কম টাকায় আসতে চাচ্ছেন না।গত সোমবার রাত ১১টায় কারওয়ান বাজারে কথা হয় ঝিনাইদহ থেকে কাঁচা মরিচ নিয়ে আসা ট্রাকচালক আসাদুল্লাহর সঙ্গে। তিনি প্রথম আলোকে জানান, ঝিনাইদহ থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় আসতে প্রায় ১৪০ লিটার ডিজেল লাগে। আর আরিচা ঘাট হয়ে এলে ডিজেল লাগে ১০০ থেকে ১১০ লিটার। প্রতি লিটার ডিজেলের দাম পাঁচ টাকা বেড়েছে। সেই হিসাবে ভাড়া বাড়বে ৭০০ টাকা এবং ৫০০ থেকে ৫৫০ টাকা।মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে এসেছেন ট্রাকচালক চান মিয়া। তেলের দাম বাড়ার কারণে ভাড়া বাড়িয়েছেন কি না জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, প্রতি বস্তায় দুই থেকে তিন টাকা বেশি নিতে হবে। না হলে পোষাবে না।চান মিয়ার ট্রাকে ১৩৫ বস্তা আলু এসেছে। প্রতি বস্তায় দুই টাকা বেশি নিলে হয় ২৭০ টাকা। অথচ ভাড়া বেড়েছে মাত্র ৭৫ থেকে ৮০ টাকা। ভাড়ার চেয়ে বেশি নেবেন কেন জানতে চাইলে চান মিয়া কোনো সদুত্তর দিতে পারেননি।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, যেকোনো অঞ্চল থেকেই পণ্য আনার খরচ বেড়ে গেছে। সোমবার রাত থেকে প্রতি গাড়িতেই ভাড়া দু-তিন হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। তিনি জানান, যশোর থেকে পণ্য আনার ভাড়া আগে ছিল ১০ হাজার টাকা, এখন নিচ্ছে সাড়ে ১২ হাজার টাকা। একইভাবে উত্তরবঙ্গের সব কটি রুটেও ভাড়া বেড়েছে।গাজীপুরের শ্রীপুর থেকে বেগুন এনেছেন ব্যাপারি মো. হানিফা। তিনি বলেন, ‘শ্রীপুর থিকা দুই দিন আগে বেগুন আনছি ১৭০০ টাকা ভাড়া দিয়া। আজকে দিতে হইছে দুই হাজার টাকা।’চিনি ও ভোজ্যতেল: ব্যবসায়ীরা বলছেন, কদিন আগেও মেঘনাঘাট থেকে ট্রাকে করে ১৬ টন চিনি কিংবা ভোজ্যতেল মৌলভীবাজারে আনতে ট্রাকভাড়া লাগত সাড়ে চার হাজার টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এখন টনপ্রতি ৫০ টাকা করে বেশি ভাড়া হাঁকছেন ট্রাকমালিক ও চালকেরা।বাংলাদেশ পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সামগ্রিক বেচাকেনার ওপর প্রভাব ফেলবে। পরিবহন ব্যয় বেশি হলে ক্রেতাদের কাছ থেকেও বাড়তি দাম নিতে হবে।পেঁয়াজ ও রসুন: বাজারে দেশি ও আমদানি করা উভয় পেঁয়াজই বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর চীনা রসুন ৬০ টাকায় বিক্রি হলেও দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।পেঁয়াজ ও রসুন আমদানিকারক ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে রসুন ঢাকার শ্যামবাজারে আনতে আগে পরিবহন লাগত ১১ হাজার টাকা। সোমবার রসুনভর্তি গাড়ি এসেছে সাড়ে ১৬ হাজার টাকায়। তিনি বলেন, এই রসুন তো বেশি দামে বিক্রি না করে উপায় নেই।চাল: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চালের দাম এখনো বাড়েনি। তবে দু-এক দিনের মধ্যে কেজিপ্রতি এক টাকা বেড়ে যেতে পারে।বাবুবাজারের একজন চাল ব্যবসায়ী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে পরিবহন ব্যয় বাড়ানো হবে। মিলমালিকেরা চালের দাম বাড়িয়ে দেবেন। আর আমাদেরও বেশি দামে বিক্রি করতে হবে।