জ্বালানি-নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জ্বালানি-নিরাপত্তায় সরকার এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে যে যার মতো কাজ না করে সরকার, পেট্রোবাংলা, বাপেক্সসহ সংশ্লিষ্টরা সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করলে জ্বালানির সংকট অনেকাংশে কমে আসবে।আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব বিষয় উঠে আসে। এনার্জি সলিউশন অব বাংলাদেশ এই গোলটেবিলের আয়োজন করে।আলোচনায় জ্বালানি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এনার্জি সলিউশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফরিদ উদ্দিন আহমেদ এবং কয়লা সেক্টর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম।আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, পাওয়ার ও এনার্জি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও এনার্জি রেগুলেটরি অথরিটির যেভাবে কাজ করা দরকার ছিল, তারা সেভাবে কাজ করে না। সবার মধ্যে একধরনের লুকোচুরি প্রবণতা সব সময় লক্ষ করা যায়। আবার কেউ তাদের আলোচনা-সমালোচনা করলেও তারা তা গ্রহণ করে না।আবু আহমেদ আরও বলেন, একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরও ওই কোম্পানি দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে পারছে না। এ ক্ষেত্রে যেসব কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় ওই সব কোম্পানিতে সরকারের ৩০ থেকে ৪৯ শতাংশ মালিকানা থাকা উচিত বলে মনে করেন তিনি। এতে সংশ্লিষ্ট ওই কোম্পানির ওপর মানুষের আস্থা বাড়বে।এ ছাড়া কয়লা ও গ্যাস উত্তোলনে পাবলিক সংলাপ ও পার্লামেন্টে আলোচনার আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেন আবু আহমেদ। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমতুল্লাহ আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘দেশের জ্বালানি-সমস্যা দূর করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কিন্তু পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন না হওয়ায় আমাদের জ্বালানি সমস্যা দূর হচ্ছে না। তাই এর সঙ্গে সংশ্লিষ্টদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন হতে হবে।’খনি থেকে কয়লা তোলার ক্ষেত্রে একটি যথাযথ আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ-সম্পর্কিত আইন বলবত্ রয়েছে। এ খাতে উন্নয়ন করতে হলে নিরলসভাবে এই খাত নিয়ে কাজ করতে হবে। এ জন্য একজন স্বতন্ত্র মন্ত্রীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বাপেক্স, পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট যেসব কোম্পানি রয়েছে, তাদের একসঙ্গে কাজে লাগানো যেতে পারে।সভাপতির বক্তব্যে সাবেক জ্বালানিসচিব এ এম নাছির উদ্দিন বলেন, কীভাবে কয়লা উত্তোলন করা যায়, তা নিয়ে একেকজন একেক ধরনের কথা বলছেন। ফলে জাতি ভুল পথে পরিচালিত হচ্ছে। নীতিনির্ধারকেরা সমস্যায় পড়ছেন। তাই এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে। আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করে এ সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।মো. রফিকুল ইসলাম তাঁর প্রবন্ধে খোলা পদ্ধতিতে কয়লা উত্তোলন না করে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের মাধ্যমে কয়লা উত্তোলনের ওপর জোর দেন।অন্যদিকে, দেশের গ্যাস-সংকট নিরসনে অবৈধ গ্যাস-সংযোগ চিহ্নিত করে তা বন্ধ করার ওপর জোর দেন এনার্জি সলিউশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ফরিদ উদ্দিন আহমেদ। এ ক্ষেত্রে তিতাস গ্যাসকে যথাযথ ভূমিকা পালনের ওপর মত দেন তিনি।