জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় পড়ছে বিদ্যুৎ খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি অনেক দিনের। এবার জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে বিদ্যুৎ খাত। কারণ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চলমান সরবরাহ-ঘাটতি শিগগির কমছে না। এর পাশাপাশি যুক্ত হয়েছে আরব বিশ্বে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আরও বৃদ্ধির আশঙ্কা। এ ছাড়া নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুদ করার অবকাঠামো প্রস্তুত হয়নি।জ্বালানি-ঘাটতির কারণে চলমান সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কতটা জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ উৎপাদন কিছুটা তো ব্যাহত হচ্ছেই। তবে সরকার চেষ্টা করছে পরিস্থিতির উন্নতি ঘটাতে।বিদ্যুৎকেন্দ্রে গ্যাস: সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, গ্যাসসংকটের কারণে বর্তমানে চট্টগ্রামের তিনটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সম্পূর্ণ বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে, রাউজান-২ নম্বর (উৎপাদন ক্ষমতা ১৮০ মেগাওয়াট) এবং শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট (উৎপাদন ক্ষমতা ১৫০ ও ৪০ মেগাওয়াট)।গত ২২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক হিসাবে দেখা যায়, ওই তিনটি ইউনিটসহ মোট ১১টি ইউনিটে গ্যাস সরবরাহে ঘাটতির কারণে সন্ধ্যাকালীন সর্বোচ্চ চাহিদার সময় মোট ৮৩১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি ৬৮৭ মেগাওয়াট, ২৩ ফেব্রুয়ারি ৬১৬ মেগাওয়াট, ২৪ ফেব্রুয়ারি ৬৯৩ মেগাওয়াট, ২৫ ফেব্রুয়ারি ৬০২ মেগাওয়াট, ২৬ ফেব্রুয়ারি ৭৫১ মেগাওয়াট, ২৭ ফেব্রুয়ারি ৭৪৯ এবং ২৮ ফেব্রুয়ারি ৮৩১ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ বছর এখনো সর্বোচ্চ লোডশেডিং ৮৩১ মেগাওয়াট হয়নি। অর্থাৎ, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে এ বছর এখনো লোডশেডিং হতো না। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সর্বোচ্চ চাহিদা প্রতিদিন প্রায় ৯৫ কোটি ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৭০ কোটি ঘনফুটের মতো। বর্তমানে সব মিলে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। উৎপাদন ২০০ কোটি ঘনফুটের কম।গ্যাস পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, তেল-গ্যাস অনুসন্ধান করে উত্তোলন ও বিতরণের পর্যায়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। কখনো এই প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকলে চাহিদা ও উৎপাদনের মধ্যে যে ব্যবধান হয় তা ঘুচিয়ে আনা খুব কঠিন হয়ে পড়ে। সরকার সেই কঠিন কাজটি চালিয়ে যাচ্ছে। এই বছরের শেষ দিকে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।জ্বালানি তেল: গ্যাসসংকট ও বিদ্যুৎ খাতকে একক জ্বালানিনির্ভরতা থেকে মুক্ত করার সরকারি নীতির কারণে চার বছর ধরে জ্বালানি তেল (ডিজেল ও ফার্নেস তেল) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে স্বল্পমেয়াদি ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতার প্রায় ৯০ শতাংশই করা হচ্ছে জ্বালানি তেলচালিত। এই তেল সরবরাহ করার কথা সরকারের।এসব কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও কার্যাদেশ দেওয়ার সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৬০ থেকে ৭০ মার্কিন ডলার। কিন্তু কেন্দ্রগুলো উৎপাদনে আসার আগেই আরব বিশ্বে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যারেলপ্রতি দাম উঠেছে ১০৭ ডলারে। এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কাজেই তেলের দাম বাড়লে সরকারি কোষাগারের ওপর যে চাপ সৃষ্টি হবে, তা ভেবে সরকার উদ্বিগ্ন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।এ ছাড়া চলতি বছরে বিভিন্ন স্থানে যে বিদ্যুৎকেন্দ্রগুলো একে একে চালু হবে, এগুলোতে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ রাখার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো প্রস্তুত হয়নি। নতুন স্থাপিত ও নির্মাণাধীন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে বাড়তি সাত লাখ মেট্রিক টন ডিজেল ও ফার্নেস তেল লাগবে। এই তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে মালয়েশিয়ার পেটকো, চীনের পেট্রোচায়না, মিসরের মাইডর ও মালদ্বীপের এমএনওসিএলের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে। কিন্তু এই বাড়তি জ্বালানি তেল কোথায় রাখা হবে এবং কীভাবে কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, তা নিয়ে সংকট দেখা দিয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সূত্র জানায়, আমদানি করা বাড়তি তেলের জন্য দেশে জ্বালানি তেল মজুদের ক্ষমতা দ্বিগুণ করতে হবে। এ ছাড়া রেল ও নৌপথে তেল পরিবহনের জন্য রেললাইন সংস্কার ও নৌপথের খনন দরকার। এই তিনটি কাজ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। গত ২০ বছরে বিপিসির তেল মজুদ ক্ষমতা খুব বেশি হলে ২০ হাজার টন বাড়ানো গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ অবস্থায় এক বছরের মধ্যে সাত লাখ টন মজুদ ক্ষমতা বাড়ানো অসম্ভব।যেসব কেন্দ্র চালু হচ্ছে: আগামী মে মাসের মধ্যে মোট এক হাজার ৩৪৩ মেগাওয়াট ক্ষমতার নতুন ১৬টি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার কথা। ফেব্রুয়ারিতে ১৭০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র চালু হয়েছে। এর একটি ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপন করেছে ব্রিটিশ কোম্পানি এগ্রিকো। ১০০ মেগাওয়াট ক্ষমতার অপরটি সিদ্ধিরগঞ্জে স্থাপন করেছে দেশ এনার্জি। চুক্তি অনুযায়ী কেন্দ্রটি গত অক্টোবরে চালু হওয়ার কথা ছিল।চলতি মার্চ মাসে ২৮৩ মেগাওয়াট, আগামী এপ্রিলে ৬০৩ এবং মে মাসে ৩৫০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার কথা। এর পর সেপ্টেম্বর পর্যন্ত নতুন কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার তালিকায় নেই। তবে ইতিমধ্যে পিছিয়ে পড়া কোনো কোনো কেন্দ্র এই সময়ে চালু হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মোট এক হাজার ৩৮ মেগাওয়াট ক্ষমতার আটটি কেন্দ্র চালু হওয়ার কথা। এর মধ্যে অক্টোবরে চালু হবে গোপালগঞ্জে ১০৯ মেগাওয়াট ও ফরিদপুরে ৫৪ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র। নভেম্বরে চালু হবে পাঁচটি পিকিং বিদ্যুৎকেন্দ্র—হাটহাজারী ৯৮ মেগাওয়াট, দাউদকান্দি ৫২, দোহাজারী ১০২, বেড়া (পাবনা) ৭১ এবং বাঘাবাড়ী ৫২ মেগাওয়াট। ডিসেম্বরে চালু হবে বেড়া ৭০ এবং সিলেট ১৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং বিদ্যুৎকেন্দ্র। নভেম্বরে গাজীপুরে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র চালু হবে।সূত্র জানায়, নির্মাণকাজ পিছিয়ে পড়ায় এর মধ্যে কোনো কোনো কেন্দ্র নির্ধারিত সময়ে উৎপাদনে না-ও আসতে পারে।এ ছাড়া সরকার প্রায় তিন হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এর সঙ্গে সংগতি রেখে দেশে কয়লা তোলার উদ্যোগ নেওয়া হয়নি। আমদানি করা কয়লার ক্ষেত্রে পরিবহন, মজুদসহ যেসব বিষয়ে কাজ শুরু করা দরকার, তাও পিছিয়ে আছে বলে সূত্রগুলো জানায়।এদিকে পাবনার রূপপুরে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে আগামী এপ্রিলে রাশিয়ার সঙ্গে চুক্তি হতে পারে। সে ক্ষেত্রে ওই কেন্দ্রের একটি ইউনিটে (এক হাজার মেগাওয়াট) উৎপাদন শুরু হবে ২০১৭-১৮ সালে।বিদ্যুৎসচিব জানান, বেসরকারি খাতে (আইপিপি) যে কটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলেছে সেগুলো পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের মধ্যে উৎপাদনে আসবে। এই কেন্দ্রগুলো হচ্ছে—বিবিয়ানা-১ ও ২ (প্রতিটি ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট); মেঘনা ঘাট-১ (৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট), ভোলায় দুটি কেন্দ্র (প্রতিটির উৎপাদন ক্ষমতা ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট)।