জ্বালানি নিয়ে মহা ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শিল্প, বাণিজ্য, গৃহস্থালিসহ সব ক্ষেত্রে জ্বালানি সংকট অব্যাহত রয়েছে। গৃহস্থালি পর্যায়ে পাইপলাইনে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকায় এলপিজির বাজার (দাম ও সরবরাহ) একেবারেই অস্থিতিশীল ও নিয়ন্ত্রণহীন। এতে সারা দেশের শহুরে মানুষ উদ্বিগ্ন। তারা অধিক দাম দিয়েও সময় ও প্রয়োজনমতো এলপিজি পাচ্ছে না।সংকট উত্তরণে সরকার কী করছে, জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, যেহেতু গ্যাস দেওয়া যাচ্ছে না, তাই এলপিজি সহজলভ্য করতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন—বিদ্যমান সরকারি প্লান্টে এলপিজির উৎপাদন বাড়ানো, নতুন দুটি প্লান্ট স্থাপন করা, আগামী বাজেটে শুল্ক ও কর কমিয়ে এলপিজির আমদানি ও সরবরাহ বাড়াতে বেসরকারি কোম্পানিগুলোকে আগ্রহী করা, এলপিজির দাম নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি।সরকারি সূত্র জানায়, এ বিষয়ে করণীয় নির্ধারণে আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে।শুল্ক হার কত: সারা দেশে বিকল্প ও অপরিহার্য জ্বালানি পণ্য হয়ে ওঠা এলপিজির ওপর সরকারের ধার্য করা বর্তমান শুল্ক হার অত্যধিক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, এলপি গ্যাসের কাঁচামাল হচ্ছে ‘এলপিজি মিকশ্চার’। এই মিকশ্চার আমদানির জন্য শুল্ক দিতে হয় ১১ শতাংশ। এ ছাড়া, এলপি গ্যাস ব্যবহারের জন্য সিলিন্ডারসহ যেসব যন্ত্রাংশ আমদানি করতে হয়, সেগুলোর ওপরও উচ্চ হারে শুল্ক ধার্য করা আছে। এর মধ্যে সিলিন্ডারের ওপর শুল্ক ২৯ শতাংশ, এলপিজি ভালভে ৩৩ শতাংশ। সেফটি বা রিলিফ ভালভে ২৮ শতাংশ। সিলিন্ডারের রেগুলেটরের ওপর শুল্ক ১১ শতাংশ। সরকারি-বেসরকারি সূত্র জানায়, ওই যন্ত্রাংশগুলো ছাড়া এলপি গ্যাস ব্যবহার করা যায় না। তাই কাঁচামালসহ এগুলোর আমদানি শুল্কমুক্ত হলে এলপি গ্যাসের দাম ৭০০ থেকে ৮০০ টাকায় নেমে আসবে।বেসরকারি খাতের একাধিক কোম্পানির শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকার এলপিজি মিকশ্চার, সিলিন্ডারসহ খুচরা যন্ত্রপাতি আমদানির ওপর থেকে শুল্ক ও কর কমালে আমদানি করে সরবরাহ বাড়ানো এবং কম দামে এলপিজি সরবরাহ করা সম্ভব। এ প্রসঙ্গে জ্বালানিসচিব বলেন, আগামী জাতীয় বাজেটে এলপিজি, সিলিন্ডার ও আনুষঙ্গিক যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক ও করের হার কমানোর প্রস্তাব করা হচ্ছে, যাতে দাম কমে ও সরবরাহ বাড়ে।দামে স্থিতি নেই: দেশে এলপিজি ব্যবহারকারীদের সবচেয়ে বড় অভিযোগ দামের অস্থিতিশীলতা। দাম নিয়ন্ত্রণের জন্য কিংবা নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, তা দেখার কোনো ব্যবস্থা দেশে নেই। দেশে উৎপাদিত সরকারি খাতের সীমিত পরিমাণ এলপিজির দাম খুচরা গ্রাহক পর্যায়ে নির্ধারণ করা আছে সাড়ে ১২ কেজির সিলিন্ডার ৭০০ টাকা। কিন্তু গ্রাহক কখনোই তা এই দামে পায় না। কিনতে হয় এক হাজার ২০০ টাকায়, কখনো আরও বেশি দামে।বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারিত আছে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকার মধ্যে। কিন্তু এই দামে পাওয়া যায় না। কখনো কখনো কিনতে হয় দেড় হাজার টাকায়। ঢাকায় সরবরাহ বাড়ছে: পাইপলাইনের মাধ্যমে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকায় অসংখ্য নতুন বাড়ি ও ফ্ল্যাটে এলপি গ্যাস ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া শহরের অনেক এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্যাসের চাপ থাকে না। তাই রান্নার জন্য ওই সব এলাকার মানুষও এলপিজি ব্যবহার শুরু করেছে। কিন্তু ঢাকায় প্রয়োজনমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে ঢাকায় এলপিজির সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে বলে কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা জানান।চাহিদা ও সরবরাহ: দেশে এলপিজির চাহিদা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান চাহিদা অনুযায়ী বছরে প্রায় দেড় লাখ টন (সাড়ে ১২ কেজির এক লাখ ২০ হাজার সিলিন্ডার) এলপিজি দরকার। কিন্তু সরবরাহ এর এক-তৃতীয়াংশের মতো।সরকারি খাতের ইস্টার্ন রিফাইনারি আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে এলপিজি উৎপাদন করে। সরকারি খাতের আরেকটি প্রতিষ্ঠান এলপিজিএল সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাসক্ষেত্র থেকে পাওয়া এনজিএল থেকে এলপিজি উৎপাদন করে। এই দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত এলপি গ্যাসের পরিমাণ বছরে ১২ লাখ সিলিন্ডারের মতো ছিল, এখন বাড়ছে। আগামী জুন-জুলাই নাগাদ এর পরিমাণ অন্তত ২০ লাখ সিলিন্ডারে উন্নীত হবে।জ্বালানিসচিব বলেন, দেশে এলপিজির উৎপাদন ও সরবরাহ বাড়াতে চারটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত, মংলায় পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পড়ে থাকা একটি জায়গায় নতুন একটি এলপিজি প্লান্ট স্থাপন করা। রাষ্ট্রীয় খাতের তেল বিপণনকারী তিনটি কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনার যৌথ উদ্যোগে এটি করা হতে পারে। দ্বিতীয়ত, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারে (পিপিপি) চট্টগ্রামের কুমিরায় আরেকটি নতুন প্লান্ট স্থাপন করা। তৃতীয়ত, ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রামের বিদ্যমান এলপিজি প্লান্ট ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ফ্রাকশনেশন প্লান্টে উৎপাদন বাড়ানো। চতুর্থত, এলপিজি, এর সিলিন্ডার ও অন্য যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক ও কর কমিয়ে দাম নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতে এলপিজির আমদানি ও সরবরাহ বাড়ানো। তিনি বলেন, ভবিষ্যতে হয়তো সরকারকে এলপিজিতে ভর্তুকি দেওয়ারও চিন্তা করতে হতে পারে।