জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আজ রোববার বামপন্থী দুটি রাজনৈতিক জোটের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় কয়েকজন নেতা-কর্মী আহত হন। বাম গণতান্ত্রিক মোর্চা জোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জোট একই বিষয়ে পৃথকভাবে কর্মসূচি পালন করতে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। বাম গণতান্ত্রিক মোর্চার কর্মীরা বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বাম গণতান্ত্রিক মোর্চার কয়েকজন আহত হন।একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছিলেন সিপিবি ও বাসদের নেতা-কর্মীরা। অন্য জোটের নেতা-কর্মীদের পুলিশ লাঠিপেটা করলে কার্যত এই সমাবেশ পণ্ড হয়ে যায়। বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, পুলিশের টিয়ার শেল ও লাঠিপেটায় তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ হামলার প্রতিবাদে এবং বিদ্যুত্, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে আগামী ১ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ না হলে হরতালসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পরে বাম গণতান্ত্রিক মোর্চা আজকের মতো তাদের কর্মসূচি শেষ করে।অন্যদিকে সিপিবি ও বাসদ জোট পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি দেয়। তারা আগামীকাল বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করবে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি পূরণ না হলে হরতালসহ অবরোধ কর্মসূচি দেবে তারা। সিপিবি ও বাসদের নেতারা অভিযোগ করেন, আজকের কর্মসূচিতে তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পল্টন থেকে প্রেসক্লাবে এসে দল দুটি তাদের আজকের কর্মসূচি শেষ করে।বাম সংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেন। তাঁদের কর্মসূচি সহিংস হয়ে পড়ে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার স্বার্থেই তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।’ তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ইটপাটকেলে পুলিশের পাঁচ-ছয়জন সদস্য আহত হয়েছেন।বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ সাতটি দাবিতে তিন বাম সংগঠন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওসহ পৃথক কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছিল।