জ্বালানি-সংকট কাটাতে কয়লার ওপর নির্ভর করতে হবে: অর্থমন্ত্রী
জ্বালানি-সংকট কাটাতে কয়লাভিত্তিক বিভিন্ন স্থাপনা তৈরির তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আজ রাজধানীর হোটেল র্যাডিসনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘প্রবৃদ্ধির জন্য জ্বালানি’ শীর্ষক এক সম্মেলনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘কয়লা উত্তোলনের ব্যাপারে ত্বরিত্ কিছু একটা করা গেলে বিদ্যুত্ ও জ্বালানি-সংকট অনেকটাই কেটে যাবে।’অর্থমন্ত্রী বাংলাদেশের প্রেক্ষাপটে কয়লা উত্তোলনকে একটি জটিল ও সমন্বিত প্রক্রিয়া হিসেবে অভিহিত করে বলেন, এর প্রতিটি পর্যায়েই আমাদের সংকটের মুখোমুখি হতে হবে। তিনি জ্বালানি খাতে বর্তমান সরকারের দুই বিলিয়ন ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এ বিনিয়োগের সুফল আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পাওয়া যাবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি লতিফুর রহমান। অর্থমন্ত্রী ছাড়াও এ সম্মেলনে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ডেনমার্কের ডেভেলপমেন্ট কো-অপারেশন বিষয়ক মন্ত্রী সরেন পাইন্ড প্রমুখ।