জ্বালানি-সংকট দীর্ঘায়িত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান জ্বালানি-সংকটের সমাধান শিগগির হচ্ছে না। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আসার কথা ছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে দেরি করায় সংকট দীর্ঘায়িত হচ্ছে। ফলে বিদ্যুৎ, সার ও অন্যান্য শিল্পের উৎপাদনসহ আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সিএনজি স্টেশনে জ্বালানির ঘাটতি লম্বা সময় ধরে চলতে থাকবে। তেল: দেশে বাণিজ্যিক জ্বালানি চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ হয় আমদানি করা তরল জ্বালানি দিয়ে। জ্বালানি খাতের সরকারি-বেসরকারি একাধিক বিশ্লেষক মনে করেন, জ্বালানি তেলের ওপর বেশি নির্ভরতা বাংলাদেশের জন্য বিপজ্জনক। গত তিন-চার বছরে তেলচালিত ভাড়াভিত্তিক, দ্রুত ভাড়াভিত্তিক ও পিকিং বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনের পরবর্তী পরিস্থিতিতে তেলের ওপর নির্ভরশীলতার ঝুঁকি আরও বেশি পরিষ্কার হয়েছে। তেলের দাম বাড়ায় অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে এখন।গ্যাস: দেশে প্রাকৃতিক গ্যাসই এখন পর্যন্ত প্রধান জ্বালানি হিসেবে ব্যবহূত হচ্ছে। কিন্তু গ্যাসের উৎপাদন চাহিদা অনুযায়ী বাড়ানো যাচ্ছে না।পেট্রোবাংলার সূত্র জানায়, বর্তমান সরকারের গত তিন বছরে গ্যাসের উৎপাদন প্রায় ৩৫ কোটি ঘনফুট বাড়লেও দৈনন্দিন চাহিদা বাড়ায় ঘাটতি এখনো ৫০ কোটি ঘনফুটের কম নয়। কারণ, সাধারণভাবে গ্যাসসংযোগ দেওয়া বন্ধ রাখা হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তা বন্ধ নেই। আর পর্যায়ক্রমে শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্তও সরকার নিয়েছে।১৯৯৬ সালে বিবিয়ানা আবিষ্কারের পর আর কোনো বড় গ্যাসক্ষেত্র পাওয়া যায়নি। উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর পাশাপাশি রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যক্রম চালাচ্ছে। তবে সেখানে গ্যাস পাওয়া গেলেও ২০১৫ সালের আগে তা জাতীয় গ্রিডে আনা সম্ভব হবে না বলে বাপেক্স সূত্র জানায়।গ্যাসের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে সরকারের একটি চুক্তি করার প্রক্রিয়া চলছে বছরেরও বেশি সময় ধরে। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত জানুয়ারি মাসে তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করে দেশের বিদ্যমান ক্ষেত্রগুলোতে মোট ১০টি নতুন কূপ খননের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত চুক্তিই হয়নি। পেট্রোবাংলার সূত্র জানায়, ২৬ এপ্রিল গ্যাজপ্রমের একটি প্রতিনিধিদল আসছে। এবার চুক্তি হতে পারে। কিন্তু তা হলেও আগামী শুষ্ক মৌসুম ছাড়া গ্যাজপ্রম নতুন কূপ খননের কাজ শুরু করতে পারবে না। এলএনজি: গ্যাসসংকট দ্রুত নিরসনের লক্ষ্যে সরকারের আরেকটি উদ্যোগ তরলকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি। প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমান এনএলজি আমদানি করে তা চট্টগ্রাম অঞ্চলে সরবরাহের পরিকল্পনা রয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে মহেশখালীতে টার্মিনাল স্থাপনসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করে গ্যাস সরবরাহ শুরু করার কথা ছিল। পরে ওই সময় পিছিয়ে এ বছরের ডিসেম্বর এবং আরও পিছিয়ে আগামী বছরের জুন মাস নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টার্মিনাল স্থাপনের কাজ শুরুর পর এক বছরে তা শেষ হবে না। কয়লা: এটি দেশীয় একটি কার্যকর জ্বালানি উৎস হতে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, তাঁর সরকার কয়লা তুলবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেবে। এখন আমদানি করা কয়লা দিয়ে চাহিদা মেটানো হবে।সরকারের পরিকল্পনা রয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর কয়লা আমদানির। কিন্তু কয়লা আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কোনো উদ্যোগ নেই।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁদের ধারণা সরকারের কয়লাভিত্তিক কোনো প্রকল্প আগামী পাঁচ বছরের আগে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এলপিজি: গত কয়েক বছরে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের অন্যতম প্রধান জ্বালানি উৎস হয়ে উঠেছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। কিন্তু এর সরবরাহও চাহিদার তুলনায় এক-চতুর্থাংশ। এলপিজির চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আনার পরিকল্পনাও সরকারের রয়েছে। গত জুন মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদের উপস্থাপিত বাজেটে এই পরিকল্পনা বিশদভাবে উপস্থাপন করেন। কিন্তু এখন পর্যন্ত এলপিজি আমদানির ওপর থেকে শুল্ক ও কর প্রত্যাহার ছাড়া ওই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো অগ্রগতি হয়নি।বায়োগ্যাস: গবাদিপশু ও হাঁস-মুরগির বর্জ্য থেকে তৈরি বায়োগ্যাসের ব্যবহার গ্রামাঞ্চলে বাড়ছে। তবে এখন পর্যন্ত তা সীমিত রয়েছে স্বল্পসংখ্যক সচ্ছল পরিবারের মধ্যে। যাদের গবাদিপশু বা যথেষ্টসংখ্যক হাঁস-মুরগি আছে, তারাই সরকারি সহায়তা নিয়ে এই গ্যাস তৈরি ও ব্যবহারের সুযোগ পাচ্ছে। একটি পরিবারের মালিকানাধীন বায়োগ্যাস প্রতিবেশীরাও ব্যবহার করছেন এমন উদাহরণ খুব কম।