জ্বালানি সরবরাহের অভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে দেশের উত্তরাঞ্চলের প্রতি সব সময়ই বৈষম্য হয়েছে। তাই এ অঞ্চলের তেমন উন্নয়ন হয়নি। জ্বালানির প্রাপ্যতা ও সুলভ সরবরাহের অভাব উত্তরাঞ্চলের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। তাই একদিকে শিল্পকারখানার সংখ্যা কম, অন্যদিকে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন না।আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ও বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দেশের নদীগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ৩০ বছর ধরে এ কাজ বাস্তবায়ন করা হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, কয়লা উত্তোলন এবং এর ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তবে দ্রুত কয়লার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘চুক্তি ছাড়াই আমরা এ বছর তিস্তার পানি পেতে যাচ্ছি। উজানের সময় নদীতে যেন পানি পাওয়া যায়, সে বিষয়ে ভারত ও নেপালের সঙ্গে আলোচনা হচ্ছে।’ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ফুলবাড়ী ও মধ্যপাড়া কয়লাখনিতে এক হাজার মিলিয়ন মেট্রিক টন কয়লা আছে। ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা গেলে আগামী ৩৫ বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা যাবে। কিন্তু পরিবেশবাদীদের কারণে তা করা যাচ্ছে না।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, উত্তরাঞ্চলের কয়লা দিয়েই ওই অঞ্চলে শিল্পের বিকাশ সম্ভব। তাই সরকারকে ওই অঞ্চলের কয়লা উত্তোলনের ব্যবস্থা করতে হবে। তা ছাড়া গ্যাসভিত্তিক শিল্প স্থাপনের ওপর জোর দিতে হবে।রাজশাহীর মেয়র খায়রুজ্জামান বলেন, আঞ্চলিকতার কারণেই এত দিন উত্তরবঙ্গের উন্নতি হয়নি। তিনি বলেন, প্রাদেশিক সরকার গঠন করা হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। উত্তরবঙ্গের মতো অনুন্নত অঞ্চলগুলোর উন্নয়ন হবে।আমজাদ আলীর সঞ্চালনায় সেমিনারে রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা, পঞ্চগড়ের সাংসদ নুরুল ইসলাম, রংপুরের সাংসদ টিপু মুন্সি, চাঁপাইনবাবগঞ্জের সাংসদ জিয়াউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ইমদাদুল হক ও আবদুস সাত্তার, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ প্রমুখ বক্তব্য দেন।