জ্বালানি সাশ্রয়ে টাই বর্জন!
বর্তমান বিশ্বে অন্যতম প্রধান সমস্যা জ্বালানি সংকট। এ সংকট নিরসনে বিশ্বজুড়ে দিনের আলোতে কাজ করাসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা শোনা গেছে। তবে সম্প্রতি চিলিতে আসন্ন গ্রীষ্মে জ্বালানি সাশ্রয়ে অভিনব একটি কর্মসূচি হাতে নেওয়ার খবর মিলেছে। এ কর্মসূচির আওতায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা দেশটির পুরুষদের ঘরের মধ্যে টাই বা গলাবন্ধ না পরার জন্য উত্সাহিত করতে রীতিমতো মাঠে নেমেছেন। বিবিসি অনলাইনের এক খবর বলছে, জ্বালানি সাশ্রয়ের প্রশ্নে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন পানামা, মেক্সিকো ও কলম্বিয়ার প্রেসিডেন্টও। টাই বা গলাবন্ধ পরলে শরীরে বেশি গরম অনুভূত হবে, আর গরম থেকে রক্ষা পেতে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের বেশি ব্যবহার বা কম তাপমাত্রায় এটি ব্যবহারের প্রয়োজন হয়। এতে বেড়ে যায় বিদ্যুত্ খরচও। সে কারণেই এই ‘টাই নয়’ কর্মসূচি।চিলির জ্বালানিমন্ত্রী রদ্রিগো অ্যালভারেজ জানিয়েছেন, এ উদ্যোগের ফলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমবে। এতে সার্বিকভাবে জ্বালানি সাশ্রয়ও হবে।তবে চিলির আবহাওয়াবিদেরা দেশটিতে এ গ্রীষ্মে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন। এতে সরকারের এ কর্মসূচি ঠিক কতটা কাজ দেবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ঘরের মধ্যে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেওয়া হলে প্রায় তিন শতাংশ জ্বালানি সাশ্রয় হবে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বছরের সবচেয়ে উষ্ণ মাস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে জ্বালানি সাশ্রয়ের ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে প্রায় এক কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে।জ্বালানিমন্ত্রী বলেছেন, ঘরের মধ্যে টাই বা গলাবন্ধ বর্জন কর্মসূচি জাপান ও স্পেনে ইতিমধ্যে সফলভাবে বাস্তবায়ন করে সুফল পাওয়া গেছে। তিনি বলেন, ক্ষুদ্র হলেও এ পদক্ষেপ দেশের জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করবে।