জ্বালানির ঘাটতি কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বহুমুখী পদক্ষেপ ও কার্যক্রম সত্ত্বেও দেশে জ্বালানির ঘাটতি কমছে না। পেট্রোবাংলা আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করে দেখানো হয়েছে, গত তিন বছরে (২০০৮-২০১০ সাল) জ্বালানি, বিশেষ করে গ্যাস ও কয়লার উৎপাদন বেড়েছে। আবার চাহিদা সরবরাহের যে হিসাব দেখানো হয়েছে, সে অনুযায়ী ঘাটতি কমেনি।উৎপাদন বাড়লেও ঘাটতি না কমার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বলা হয়, উৎপাদন বাড়লেও তা চাহিদার তুলনায় কম হওয়ায় ঘাটতি কমেনি। কিন্তু প্রায় এক বছর ধরে নতুন গ্যাস-সংযোগ বন্ধ রাখার পরও চাহিদা এত বাড়ল কেন? এ প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, যাঁদের সংযোগ রয়েছে, তাঁরা বেশি গ্যাস ব্যবহার করছেন।গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারের পেট্রোসেন্টারে এই সংবাদ সম্মেলনে সংস্থার সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক ও জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এতে বক্তব্য দেন। তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, তিন বছরে দেশে গ্যাসের উৎপাদন বেড়েছে ২৮ কোটি ৪০ লাখ (২৮৪ মিলিয়ন) ঘনফুট। বর্তমানে দৈনিক মোট উৎপাদন হচ্ছে প্রায় ২০০ কোটি ঘনফুট। চাহিদা ২৫০ কোটি ঘনফুটেরও বেশি। উল্লেখ্য, এক বছর আগেও গ্যাসের দৈনিক চাহিদা ও সরবরাহের চিত্র প্রায় একই ছিল।আবাসিক সংযোগ অনিশ্চিত: বর্তমানে সরকারি আদেশে বন্ধ রাখা গ্যাসের আবাসিক সংযোগ কবে চালু করা হতে পারে, জানতে চাইলে জ্বালানিসচিব বলেন, সরকার নীতিগতভাবে মনে করে, পাইপলাইন গ্যাসের আবাসিক সংযোগ দেওয়া উচিত নয়। তবে গ্যাসের উৎপাদন অনেক বৃদ্ধি পেলে সরকারের এ অবস্থান পাল্টাতে পারে। আর এখন আবাসিক গ্রাহকদের জন্য এলপি গ্যাস সহজলভ্য করার পদক্ষেপ নেওয়া হবে।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গ্যাসের আবাসিক সংযোগ পাওয়া দুরূহ হবে। এখন গ্যাস পাওয়া গেলে তা বিদ্যুৎ ও শিল্পোৎপাদনে দেওয়া হবে।সে ক্ষেত্রে যাঁরা পাইপলাইনের গ্যাস পাচ্ছেন না, তাঁরা কি বৈষম্যের শিকার হচ্ছেন না? এ প্রশ্নের জবাবে জ্বালানিসচিব বলেন, এ বৈষম্য নিরসনের জন্য পাইপলাইনের গ্যাসের দাম বাড়িয়ে এবং এলপি গ্যাসের দাম কমিয়ে একটা সামঞ্জস্য আনা হবে।সংবাদ সম্মেলন শেষে পেট্রোবাংলার কয়েকজন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, তাঁরা মনে করেন, জনসমর্থনের কথা বিবেচনা করে সরকারের উচিত, সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ কমিয়ে আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া।গৃহীত নানা কার্যক্রম: গ্যাসের প্রক্ষেপিত চাহিদা এবং তা পূরণের লক্ষ্যে গৃহীত পেট্রোবাংলার কার্যক্রম অনুযায়ী এ বছর (২০১১ সাল) গ্যাসের চাহিদা বেড়ে হবে ২৮০ কোটি ঘনফুট। কিন্তু উৎপাদন ২১০ কোটির বেশি হবে না।গ্যাসের উৎপাদন বাড়ানোর মধ্যমেয়াদি পরিকল্পনায় (২০১২ সালে সমাপ্য) সাতটি অনুসন্ধান কূপ, ২৪টি উন্নয়ন কূপ ও তিনটি ওয়ার্কওভার কূপ খনন এবং দৈনিক ৫০ কোটি ঘনফুটের সমান এলএনজি আমদানির কথা বলা হয়েছে। এতে সর্বমোট ১৭৮ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাসের সরবরাহ বাড়বে। ফলে তখন গ্যাসের মোট উৎপাদন হবে দৈনিক ৩৭৮ কোটি ঘনফুটের মতো। আর ২০১২ সালের শেষে দৈনিক গ্যাসের প্রক্ষেপিত চাহিদা ধরা হয়েছে ৩৩৮ কোটি ২০ লাখ ঘনফুট। ফলে গ্যাসের চাহিদার তুলনায় তখন সরবরাহ বেশি হবে। সংকট থাকবে না।এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় (২০১৫ সালে সমাপ্য) আরও ২০টি উন্নয়ন কূপ এবং নতুন আবিষ্কারের লক্ষ্যে সম্ভাব্য অনুসন্ধান কূপ খননের মাধ্যমে অতিরিক্ত ৬৮ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে। ফলে ২০১৫ সালে ৪১৬ কোটি ২০ লাখ ঘনফুট প্রক্ষেপিত চাহিদার বিপরীতে দৈনিক গ্যাসের উৎপাদন ধরা হয়েছে ৪১৬ কোটি ২০ লাখ ঘনফুট।অন্যান্য পদক্ষেপ: এই বাড়তি গ্যাস সঞ্চালনের জন্য প্রয়োজনীয় পাইপলাইন স্থাপনের সময়সূচিভিত্তিক কার্যক্রম সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। পাশাপাশি গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা বাড়ানো, কয়লার উৎপাদন বাড়ানো, সারা দেশে স্থলভাগ ও সমুদ্রবক্ষের ব্লকগুলোয় গ্যাস অনুসন্ধানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।