জ্বালানির দাম বাড়িয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল সরকার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়িয়ে দেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। তিনি বলেন, মাত্র দেড় মাসের মাথায় সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ফলে পরিবহন খরচসহ প্রতিটি পণ্যের মূল্য বাড়বে। এতে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল এসব এ কথা বলেন।মির্জা আলমগীর বলেন, বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। বিএনপির সময়ের চেয়ে এখন তিন-চার গুণ বেশি দামে সার বিক্রি হচ্ছে। সেচের খরচ বেড়েছে পাঁচ গুণ। অথচ কৃষিপণ্য উত্পাদনে খরচ বাড়লেও উত্পাদিত পণ্যের মূল্য পাচ্ছেন না কৃষক। ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, সরকারের দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে। জাইকাসহ বিদেশি অনেক সংস্থা তাদের অর্থায়ন বন্ধ করেছে। কয়েক দিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রকাশ করেছে পুলিশ ও বিচার বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতি করছে। তিনি বলেন, সরকার প্রতিদিন বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মামলা দিচ্ছে। মামলা, হামলা, নির্যাতন, হত্যা, গুম করে গোটা দেশকে একটা নারকীয় অবস্থায় নিয়ে গেছে। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে সরকারের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশল নিয়েছে। তারা রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপের আয়োজন করেছে। বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে বলে সংলাপে যাচ্ছে। কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।