জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে জ্বালানির ব্যবহার বাড়ছে। এটা দেশের জন্য ভালো। জ্বালানি ব্যবহার মানেই উন্নয়ন। সরকার জ্বালানির নতুন নতুন ক্ষেত্র খুঁজবে। জ্বালানির ব্যবহার ও সরবরাহ বাড়াবে। কিন্তু এর পাশাপাশি জ্বালানি ব্যবহারে দেশবাসীকে দক্ষ ও সাশ্রয়ী হতে হবে।জ্বালানির দক্ষ ব্যবহার, সাশ্রয় ও সংরক্ষণের বিষয়ে সচেতন হতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় ও এর অধীন সব সংস্থাকে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম গ্রহণ করতে বলেছেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলা সেন্টারে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।দিবসটি উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।গত বছর থেকে ৯ আগস্ট সরকারিভাবে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে। দিবসটির তাত্পর্য হচ্ছে ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ডস্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। এই ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাশটিলা। পরবর্তীকালে এই গ্যাস ক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, ওই মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। এ ছাড়াও বক্তব্য দেন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোক্তাদির আলী ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আখতার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর। সেমিনারের শুরুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী উপস্থিত ছিলেন।