জ্বালানিসংকট মোকাবিলা করবে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশের ব্যাপক জ্বালানিসংকট মোকাবিলায় একটি জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন করেছেন।গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পাকিস্তানে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে অফিসের সাপ্তাহিক ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করা, রাস্তার বাজারগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া এবং সরকারি অফিসগুলো থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।অতিরিক্ত চাহিদার কারণে পাকিস্তানে জ্বালানিসংকটের সৃষ্টি এবং বিদ্যুত্ বণ্টনের অবকাঠামো ভেঙে পড়েছে। আর এ সংকটের কারণেই শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক; ফলে পাকিস্তানে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হচ্ছে।এখন মাঝেমধ্যে পাকিস্তানে বাসাবাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সাপ্তাহিক ছুটি বাড়িয়ে সেই দিনের বিদ্যুত্ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে।প্রধানমন্ত্রী গিলানি বিবিসি নিউজকে জানিয়েছেন, জাতীয় স্বার্থেই তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি সূত্রে বিবিসি জানিয়েছে, পাকিস্তানে প্রতিদিন প্রায় তিন হাজার ৬৬৮ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ নীতি প্রণয়নের ফলে তারা আশা করছে এখন দিনে এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চয় হবে।