জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদন আবার জ্বালানিসংকটে পড়েছে। বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কম থাকায় উৎপাদন কম হচ্ছে প্রায় ৯৫০ মেগাওয়াট। আর নতুন তেলচালিত যে কেন্দ্রগুলো আগামী তিন মাসের মধ্যে চালু হওয়ার কথা, সেগুলোর জন্য তেলের সংস্থান নেই।বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সূত্রগুলো থেকে এ খবর জানা গেছে।মাস খানেক আগে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরুর পর বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ কমেছে দৈনিক প্রায় ১৮ কোটি ঘনফুট। চট্টগ্রামে গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিকসহ তেলচালিত কেন্দ্রগুলো চালাতে এখন প্রতিদিন প্রায় ৩০ কোটি টাকার তেল কেনা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত তেলচালিত যে নতুন কেন্দ্রগুলো চালু হওয়ার কথা, সেগুলোর জন্য তেলের কোনো সংস্থান নেই বলে সূত্রগুলো জানায়।এদিকে জ্বালানিসংকটের কারণে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। ফলে ঢাকাসহ সারা দেশে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো হিসাব করে কিছুটা কম চালানোয় দিনের বেলায় লোডশেডিং বেশি হচ্ছে।সরকার গ্যাসের ওপর একক নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনকে ‘মিশ্র জ্বালানিভিত্তিক’ (ফুয়েল মিক্স) করার যে পরিকল্পনা করেছিল, তা ব্যর্থ হওয়ায় এই জ্বালানিসংকটের সৃষ্টি হয়েছে। কিছু তেলচালিত কেন্দ্র স্থাপন করা ছাড়া সরকারের মিশ্র জ্বালানি ব্যবহারের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার বেড়েছে। বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। এ কারণে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েও ব্যয় সমন্বয় করা সম্ভব হচ্ছে না। অপরদিকে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি পরিস্থিতিও প্রায় আগের অবস্থায়ই রয়ে গেছে। কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় সমন্বয় করা সম্ভব হতো।বিদ্যুৎ উৎপাদনে গ্যাস: বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত গ্যাসের উৎপাদন বেড়েছে দৈনিক প্রায় ৬০ কোটি (৬০০ মিলিয়ন) ঘনফুট। সর্বোচ্চ উৎপাদিত হয়েছে ২৩০ কোটি ঘনফুট পর্যন্ত। বিদ্যুৎ উৎপাদনেও গ্যাসের সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে।২০০৯ সালের শুরুতে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাস সরবরাহ করা হতো সর্বোচ্চ ৮০ কোটি ঘনফুট (ক্যাপটিভ কেন্দ্র ছাড়া)। গত রমজান মাসে সর্বোচ্চ সরবরাহ করা হয় ১০৫ কোটি ঘনফুট। এখনো করা হচ্ছে প্রায় ৮৩ কোটি ঘনফুট। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়লেও সারা বছর চাহিদা অনুযায়ী বাড়ানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে সার কারখানায় সরবরাহ করতে গেলেই বিদ্যুতে গ্যাসের সরবরাহ কমাতে হচ্ছে, যা তিন-চার বছর বা তার আগেও করতে হতো।গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন বেশি সমস্যায় পড়েছে চট্টগ্রামে। সেখানে গ্যাসচালিত সব সরকারি বিদ্যুৎকেন্দ্র (প্রায় ৫৫০ মেগাওয়াট ক্ষমতার) বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামে যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে, তা এখন সার কারখানা, অন্যান্য শিল্প, আবাসিক ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।সরকারি হিসাবে, সারা দেশে এখন দৈনিক গ্যাসের ঘাটতি ৫০ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে চট্টগ্রামেই ঘাটতি প্রায় এর অর্ধেক, ২৫ কোটি ঘনফুটের মতো। সেখানকার এই ঘাটতি অদূর ভবিষ্যতে কমারও কোনো সম্ভাবনা নেই।তেলের ব্যবহারও বেড়েছে: গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহারও বেড়েছে। সরকার কয়লা, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি সাশ্রয়ী জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু করতে না পারায় এই খাতে তেলের ব্যবহার বেড়েই চলেছে। বিপিসি সূত্র জানায়, গত অর্থবছরের (২০১১-১২) প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থবছরের (২০১২-১৩) প্রথম ছয় মাসে বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার বেড়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।গত অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বিদ্যুৎ উৎপাদনে মোট জ্বালানি তেল ব্যবহার করা হয় সাত লাখ ২৯ হাজার মেট্রিক টন। এ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট আট লাখ ৮৯ হাজার টন জ্বালানি তেলের চাহিদা দিয়েছে পিডিবি। এর মধ্যে ফার্নেস তেল সাত লাখ ৯০ হাজার টন এবং ডিজেল ৯৯ হাজার টন। গত বছরের তুলনায় এ বছর ওই এক লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল বেশি ব্যবহূত হচ্ছে তেলচালিত কেন্দ্রগুলো থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করায়। কিন্তু আগামী নভেম্বর-ডিসেম্বর মাসেও প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তেলচালিত কেন্দ্র চালু হওয়ার কথা। সেগুলো চালু হলে সবগুলো তেলচালিত কেন্দ্রে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে না।মন্ত্রণালয় সূত্র জানায়, এ কারণে নতুন কেন্দ্রগুলো চালু করার ব্যাপারে বেশি তোড়জোর করা হচ্ছে না। মন্ত্রণালয় মনে করে, আগামী গ্রীষ্মের আগে (মার্চ মাস নাগাদ) এগুলো হলেই চলবে। এর মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তেল আমদানি বাড়িয়ে সবগুলো তেলচালিত কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা করা যাবে।তেল সরবরাহে সমস্যা: সরকার তেলচালিত কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে চললেও সব কেন্দ্রে সময়মতো চাহিদা অনুযায়ী তেল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা এখনো করে উঠতে পারেনি। যদিও নৌ, রেল ও সড়কপথে এসব বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহের ব্যবস্থা করার জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি শুরু থেকেই কাজ করেছে।তবে রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার ও রেলের ইঞ্জিন ও ট্যাংক ওয়াগনের অভাবে তেল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ কারণে বিদ্যুৎ মন্ত্রণালয় ভারত থেকে কিছু রেল ইঞ্জিন (লোকোমোটিভ) ও ট্যাংক ওয়াগন ভাড়ায় আনার অনুমতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।বর্তমানে দেশে সর্বোচ্চ সাড়ে ছয় হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কম। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন পিডিবি গ্যাস কিনছে প্রায় সাড়ে ছয় কোটি টাকার। তেল কিনছে প্রায় সাড়ে ২৯ কোটি টাকার। কয়লা কিনছে প্রায় দুই কোটি টাকার।