যন্ত্রযুগ টিকিয়ে রাখার জন্য জ্বালানির বিকল্প নেই। কিন্তু আমাদের জ্বালানিশক্তির উৎসগুলো সীমিত। তাই তেল, কয়লা ও গ্যাস—এই তিন জ্বালানিসম্পদই নিয়ন্ত্রণ করছে মানুষের জীবনচিত্র।পরিসংখ্যান থেকে জানা যায়, গত বছর পর্যন্ত পৃথিবীর জ্বালানির মোট চাহিদার শতকরা ৮৫ ভাগই তেল, গ্যাস ও কয়লা পূরণ করেছে। মানুষের চাহিদা মেটাতে পৃথিবী জুড়েই বাড়ছে জ্বালানিসংকট। এ পরিস্থিতিকে মাথায় রেখে কম জ্বালানি ব্যবহার করে ‘ইকো রান’ নামে গাড়ি তৈরির একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ইকো রান বাংলাদেশ। এ প্রতিযোগিতায় বিজয়ের মাপকাঠি সবার আগে শেষ লাইনে পৌঁছানো কিংবা কম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম নয়। বরং নির্দিষ্ট জ্বালানি ব্যবহার করে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারীই হবেন বিজয়ী। গাড়ি বানানোর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।আগামী ৯ মার্চ প্রতিযোগিতার টেস্ট ম্যাচ এবং আগামী ডিসেম্বরে ফাইনাল অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা যায়, মাত্র এক লিটার জ্বালানি ব্যবহার করে যে দলটির গাড়ি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবে সে দলই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। মূলত কম জ্বালানি লাগবে এমন গাড়ি তৈরি করার লক্ষ্য নিয়েই এ প্রতিযোগিতার আয়োজন। জানা যায়, ইকো রান বাংলাদেশ এমন একটি গাড়ি তৈরি করতে চাচ্ছে যাতে জ্বালানি খরচ হবে খুবই কম এবং তা হবে পরিবেশবান্ধব। এই গাড়ি পরিবেশের ওপর কোনো খারাপ প্রভাব ফেলবে না। ইকো রান বাংলাদেশ এ সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য এ প্রকল্পের ব্যবস্থা করেছে। প্রকল্পটি হলো—প্রতিটি বিশ্ববিদ্যালয়কে তাদের উদ্দেশ্য পরিপূর্ণ করে একটি গাড়ি তৈরি করতে বলা হয়েছে। এদিকে, এই প্রতিযোগিতাকে সামনে রেখে চুয়েটে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি এক সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জেআইসিএ) স্বেচ্ছাসেবক ও ইকো রান প্রকল্পের নেতা ওয়াকা ওয়ারা।জানা যায়, গাড়ি বানানোর জন্য জাপান থেকে থ্রি হুইলার (তিন চাকার গাড়ি) ইঞ্জিন দেওয়া হবে। থ্রি হুইলারের পাশাপাশি ফোর হুইলারের গাড়ি বানানোর পরিকল্পনা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেসব গাড়ি বানাবে সেগুলোর ইঞ্জিন স্পনসর করবে ওয়ালটন।এখানে উল্লেখ্য যে প্রতিবছর জাপানে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত এ প্রতিযোগিতার রেকর্ড হলো, একটি গাড়ি এক লিটার ফুয়েল খরচ করে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল।এ প্রসঙ্গে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের প্রতিযোগিতা খুবই দরকার। আশা করছি, এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশকে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।আসাদুজ্জামান খান