প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বকালের সেরা কে—এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে সর্বকালের সফল ক্রিকেটারদের একজন যে জ্যাক ক্যালিস, এ নিয়ে কোনো সন্দেহ নেই। টেস্টে ১১৯৪৭ রান, সেই সঙ্গে ২৭০ উইকেট। কিন্তু শুধু পরিসংখ্যানই তো সব নয়। দলের জন্য কে কতটা অবদান রাখলেন, সেটাও বিবেচ্য। সেখানেও তিনি কি খুব পিছিয়ে? বেশি দূর যাওয়ার দরকার নেই। কেপটাউন টেস্টের কথাই ধরুন। ১৬১ ও ১০৯* রানের ইনিংস দুটি শুধু সংখ্যা দিয়ে বোঝাতে পারবে না এর মাহাত্ম্য। দলের নিদারুণ দুঃসময়, পাঁজরে দুঃসহ যন্ত্রণা, গোটা পাঁচেক ইনজেকশন...কেপটাউন টেস্টের ফলাফলে আসলে ‘ড্র’ নয়, লেখা উচিত ছিল—বিজয়ী জ্যাক ক্যালিস!