জ্যাকসন স্মরণে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার যুক্তরাজ্যের কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজারো জ্যাকসনভক্ত। প্রিয় শিল্পী না থাকলেও তাঁর গানগুলো তো আছে। আর সেই গানগুলোই শুনতে এসেছিলেন তাঁরা। গান শোনার পাশাপাশি তাঁরা গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রিয় শিল্পীকে। সেই আয়োজনে এসেছিল জ্যাকসনের তিন সন্তান—প্রিন্স মাইকেল (১৪), প্যারিস (১৩) এবং নয় বছরের ব্লাঙ্কেট। কনসার্টে বাবা যেমন পোশাক পরতেন, ঠিক তেমনই পোশাক পরে মঞ্চে উঠেছিল তারা। নিজের অনুভূতির কথা জানাল প্যারিস, ‘বিশেষ এই সন্ধ্যায় বাবার প্রতি সম্মান জানাতে এখানে আসতে পেরে আমরা ভীষণ খুশি।’ জ্যাকসন স্মরণে ওই কনসার্টে গান গেয়েছেন ক্রিস্টিনা অ্যাগুইলেরা, স্মোকি রবিনসন, লিওনা লুইস এবং বয় ব্যান্ড জেএলএস। তাঁদের সঙ্গে ছিলেন জ্যাকসনের তিন ভাই—টিটো, মার্লোন ও জ্যাকি। এ ছাড়া তাঁদের বোন লাটয়াও সেদিন মঞ্চে উঠেছিলেন। দীর্ঘ বিরতি ভেঙে গেয়েছেন গান। তিনি বললেন, ‘দীর্ঘ দুই দশক পর মঞ্চে উঠে গান করলাম। জ্যাকসনভক্তদের সামনে গান করার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হলো, এটা খুব সম্মানের ব্যাপার।’ এদিকে জ্যাকসনের দুই ভাই—জারমেইন ও র‌্যান্ডি জ্যাকসন এই আয়োজনকে ‘অযথাযথ’ এবং ‘অসময়ের’ বলে আখ্যায়িত করেছেন। তাঁদের যুক্তি, যে সময়ে জ্যাকসনের মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য বিচারকাজ চলছে, ঠিক সে সময় এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হওয়া উচিত নয়। জ্যানেট জ্যাকসনও একই কারণে অনুষ্ঠানে অংশ নেননি। বিবিসি।