জ্যাকসনকে দেখে ‘বাবা’ বলে চিত্কার দিয়েছিল প্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শয়নকক্ষের বিছানায় পপতারকা মাইকেল জ্যাকসনকে নিথর শুয়ে থাকতে দেখে ‘বাবা’ বলে চিত্কার করে উঠেছিল তাঁর মেয়ে প্যারিস। তখন জ্যাকসনের মুখটি ছিল দরজার দিকে। চোখের পাতা ও মুখ ছিল খোলা। ওই সময় প্যারিসের সঙ্গে তার ভাই প্রিন্সও ছুটে আসে।গতকাল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের আদালতে জ্যাকসনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় দেহরক্ষী আলবার্তো আলভারেজ এসব কথা বলেন। দ্য টেলিগ্রাফ সূত্রে এ কথা জানা যায়। মামলায় অভিযোগ রয়েছে, জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারের দেওয়া অতিরিক্ত ঘুমের ওষুধের কারণে পপতারকার মৃত্যু হয়েছে। দেহরক্ষী আলবার্তো বলেন, ওই সময় জ্যাকসনের চিকিত্সক মারে বিছানার পাশ থেকে দ্রুত ওষুধের বোতল তুলে নেন এবং তাঁকে (দেহরক্ষী) ওষুধগুলো ব্যাগে রাখতে বলেন। একই সঙ্গে স্ট্যান্ডে ঝোলানো ‘দুধের মতো সাদা পদার্থ ভর্তি’ স্যালাইনও সরিয়ে নিতে বলেন। সেই স্যালাইন ব্যাগে ১০০ মিলিলিটার (এমএল) পরিমাণ শক্তিশালী চেতনানাশক ছিল।চিকিত্সকের কথামতো আলবার্তো ওই সময় টেলিফোনে ৯১১ নম্বরে কথা বলেন। বিচারকেরা ওই ফোনকলের রেকর্ড করা কথা শোনেন। এতে শোনা যায়, ‘আমাদের এখানে একজনের শ্বাসকষ্ট হচ্ছে। আমরা তাঁকে বাঁচানোর চেষ্টা করছি।’গত মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেসের আদালতে মারের বিচার শুরু হয়েছে।৫৮ বছর বয়সী মারে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ডাদেশ হতে পারে। একই সঙ্গে তিনি তাঁর চিকিত্সার সনদটিও হারাতে পারেন।কৌঁসুলিরা বলছেন, মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন প্রাণঘাতী ঘুমের ওষুধ জ্যাকসনকে দেওয়ার ক্ষেত্রে মারে ছিলেন অসতর্ক। এ কারণেই ২০০৯ সালের জুন মাসে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।ওই দিনের কথা মনে করে দেহরক্ষী বলেন, ‘জ্যাকসন তাঁর বিছানায় চিত হয়ে শুয়ে ছিলেন। তাঁর হাত দুটি বিছানার বাইরে ছিল এবং হাতের তালুও খোলা ছিল। তাঁর চোখ দুটি সামান্য এবং মুখ সম্পূর্ণ খোলা ছিল। ওই সময় মারে তাঁর বাঁ হাত দিয়ে জ্যাকসনের বুকে চাপ দিচ্ছিলেন। এ সময় কিছুটা উদ্বিগ্ন থাকা চিকিত্সক তাঁকে বলেন, ‘আলবার্তো, তাড়াতাড়ি করো। তাঁকে (জ্যাকসন) হাসপাতালে নিতে হবে। একটি অ্যাম্বুলেন্স লাগবে।’বিচারকাজের তৃতীয় দিনে তিনি আরও বলেন, বিছানার ওপর ‘বাদামি রঙের একটি বাক্সের’ মতো দেখতে একটি ডিভাইস ছিল। যখন তিনি এবং মারে জ্যাকসনকে বিছানা থেকে নিচে নামাচ্ছিলেন, তখন মারে ওই ডিভাইসটি জ্যাকসনের আঙুলের সঙ্গে আটকে দেন। ওই সময় জ্যাকসনের শয়নকক্ষে হূদ্যন্ত্র পর্যবেক্ষণ বা রক্তচাপ পরিমাপের কোনো যন্ত্রপাতি দেখতে পাননি।আলভারেজ বলেন, ‘মারের কথামতো কাজ করছিলাম। কারণ, আমি বিশ্বাস করতাম, মারে জ্যাকসনের “সর্বোচ্চ শুভাকাঙ্ক্ষী”। আর আমার মনে হয়েছিল, এসব গোছগাছ ছিল হাসপাতালে যাওয়ার প্রস্তুতি।’মারে হূদ্যন্ত্র চালু করার জন্য জ্যাকসনের মুখে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা চালান।