জ্যাকসনের চিকিত্সকের বিচার শুরু
কিংবদন্তী পপসংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক কনরাড ম্যারিকে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে বিচারের মুখোমুখি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জ্যাকসনকে অতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে হত্যা করার অভিযোগ আনা হয়েছে।৫৮ বছর বয়সী ম্যারি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযোগ প্রমাণিত হলে তাঁর চার বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে তিনি তাঁর চিকিত্সার সনদটি হারাতে পারেন।কৌঁসুলিরা বলছেন, মানসিক অস্থিরতা প্রশমিত করে, এমন প্রাণঘাতী ঘুমের ওষুধ জ্যাকসনকে দেওয়ার ক্ষেত্রে ম্যারি ছিলেন খুবই অসতর্ক। আর এর কারণেই ২০০৯ সালের জুন মাসে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।গতকাল আদালতে দেওয়া বক্তব্যে প্রধান কৌঁসুলি ডেভিড ওয়ালগ্রেন বলেন, ম্যারি তাঁর রোগী মাইকেল জ্যাকসের প্রতি চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা দেখিয়েছেন, রোগীর যথাযথ যত্ন নিতে অপারগ হয়েছেন। আর এই ভুলেই জ্যাকসন মারা গেছেন। কৌঁসুলিরা ৫০ বছর বয়সী জ্যাকসনের মৃত্যু-পরবর্তী একটি ছবি আদালতের সামনে উপস্থাপন করেন। একই সঙ্গে কনসার্টের মাধ্যমে আবার গানের রাজত্বে ফিরে আসা নিয়ে জ্যাকসনের একটি অডিওবার্তা আদালতে শোনানো হয়।ওই অডিওটি ম্যারির ফোনের ম্যাসেজ থেকে নেওয়া হয়। জ্যাকসন ওই অডিওবার্তাটি ম্যারিকে ম্যাসেজের মাধ্যমে পাঠিয়েছিলেন। অডিওতে জ্যাকসন বলছিলেন, ‘শো শেষ হওয়ার সময় আমি ভক্তদের বলতে চাই, আমি আমার জীবনে এমনটা আর কখনো দেখিনি।’ জ্যাকসনের কণ্ঠ শুনে মনে হচ্ছিল, তাঁকে সম্ভবত তীব্র মাত্রার ওষুধ দেওয়া হয়েছে।