জ্যাকসনের মৃত্যু: এবার রায়ের পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়ে তাঁর চিকিত্সকের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ১২ সদস্যের বিচারক প্যানেল আজ শুক্রবার সকালে এ বিষয়ে তাঁদের বক্তব্য দেবেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। প্রায় ছয় সপ্তাহ ধরে এ মামলার যুক্তিতর্ক চলেছে। গতকাল জ্যাকসনের কৌঁসুলিদের সমাপ্তিসূচক বিবৃতির মধ্য দিয়ে এ মামলার বাদী-বিবাদী পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলো।মামলার সমাপ্তিসূচক বিবৃতিতে বাদী পক্ষের কৌঁসুলি জ্যাকসনের মৃত্যুর বিষয়ে তাঁর চিকিত্সকের আচরণকে অদ্ভুত বলে অভিহিত করেছেন। জ্যাকসনের মৃত্যুর জন্য অভিযুক্ত চিকিত্সক কনরার্ড মারে দাবি করেছেন, পপসম্রাট মাত্রাতিরিক্ত বেদনানাশক নিয়ে নিজেই নিজেকে হত্যা করেছেন।সাতজন পুরুষ ও পাঁচ নারীর সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল আজ শুক্রবার সকালে এ মামলায় তাঁদের বক্তব্য দেওয়া শুরু করবেন। দোষী সাব্যস্ত হলে জ্যাকসনের চিকিত্সক সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড ও চিকিত্সা সনদ হারাবেন।যুক্তিতর্কের শেষ দিনে আদালতে জ্যাকসনের সন্তানদের অসহায় মুখচ্ছবি দেখানো হয়। এ সময় বাদীর পক্ষে কৌঁসুলি ডেভিড ওয়ালগ্রিন বিচারকদের উদ্দেশে বলেছেন, মাইকেল জ্যাকসনের সন্তানদের জন্য এ মামলার রায় তাদের পক্ষে যাবে। কারণ, তাদের বাবা নেই। তিনি বলেন, ‘কনরার্ড মারের জন্যই তারা তাদের বাবাকে হারিয়েছে।’পপসম্রাটের আইনজীবী আদালতে বলেন, ‘জ্যাকসনের চিকিত্সক জরুরি সেবা সার্ভিসে ফোন দিতে দেরি করেছেন। ফোনালাপের আলামতে দেখা গেছে জ্যাকসনের শেষ মুহূর্তে তাঁর চিকিত্সক ফোনে কথা বলছিলেন। যদিও তখন তাঁর রোগীর পাশে থাকার কথা ছিল। যার অর্থ তিনি মাইকেল জ্যাকসনের বিষয়ে যত্নশীল ছিলেন না।’২০০৯ সালের জুনে মাইকেল জ্যাকসন মারা যান। তাঁর মৃত্যুর জন্য ব্যক্তিগত চিকিত্সক ডা. কনরার্ড মারেকে অভিযুক্ত করা হচ্ছে।