দুই উইলিয়ামস বোনকে বিদায় করেও শেষ হাসি হাসতে পারলেন না জেলেনা জ্যাঙ্কোভিচ। গতকাল শনিবার রোমে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মার্টিনেজ সানচেজের কাছে হেরে গেছেন সার্বিয়ার এই তারকা। জ্যাঙ্কোভিচকে ৭-৬, ৭-৫ সেটে হারানোর সুবাদে ইতালিয়ান ওপেন টেনিসের শিরোপা জিতে নিয়েছেন অবাছাই মার্টিনেজ।রেকর্ডের দিকে থেকে গতকালের ম্যাচে স্পষ্টতই এগিয়ে ছিলেন জ্যাঙ্কোভিচ। ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুবার ইতালীয় ওপেন টেনিসের শিরোপা জিতেছেন জ্যাঙ্কোভিচ। গতকাল জিতলেই তৃতীয়বারের মতো এ শিরোপা ঘরে তোলা হতো তাঁর। তার ওপর আবার ভেনাস ও সেরেনা উইলিয়ামসের মতো তারকাকে বিদায় করে ফাইনালে এসেছেন এই সার্বিয়ান। অন্যদিকে র্যাঙ্কিংয়ে ২৬তম অবাছাই মার্টিনেজ এত বড় শিরোপা কখনো জয়ই করতে পারেননি। তবে সব ধারণাকে পেছনে ফেলে ফেভারিট জ্যাঙ্কোভিচকে হারিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন মার্টিনেজ। প্রথমবারের মতো ইতালীয় ওপেন টেনিসের শিরোপা এখন মার্টিনেজের। পরাজয়ের জন্য কোনো অজুহাত না খুঁজে ম্যাচ শেষে প্রতিপক্ষ মার্টিনেজকেই পুরো কৃতিত্ব দিয়েছেন জ্যাঙ্কোভিচ। রয়টার্সের কাছে ব্যক্ত করা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘মার্টিনেজ অসাধারণ খেলেছে। বিশেষ কোনো দিক নয়, ওর সবকিছুই আমায় মুগ্ধ করেছে। সে অন্যদের চেয়ে অবশ্যই আলাদা।’ ইতালীয় ওপেনের ফাইনালে হারের পরও একেবারেই হতাশ নন জানিয়ে জ্যাঙ্কোভিচ বলেন, ‘গত বছরটা আমার ভালো কাটেনি। এ প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত আসতে পেরে আমি আনন্দিতই। আশা করি, সামনের দিনগুলোতে আমি আরও ভালো করতে পারব।’