জ্যামাইকান বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকান মিউজিক তাঁর খুব পছন্দ। জ্যামাইকান খাবারও। ট্র্যাকের খ্যাতি জীবনটাকে একটুও বদলে দিতে পারেনি জ্যামাইকান উসাইন বোল্টের। কয়েক সপ্তাহ আগে পিউমার এক বাণিজ্যিক প্রচারণায় অস্ট্রেলিয়ায় গিয়ে এক সাময়িকীকে দিয়েছিলেন এই সাক্ষাৎকার। তারই চুম্বক অংশ এখানে তুলে দেওয়া হলো জ্যামাইকানরা এত জোরে দৌড়ায়, রহস্য কী?উসাইন বোল্ট: রহস্য তো পানির মতো সহজ! আসলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড আমাদের অন্যতম খেলা। আমাদের দেশে ফুটবল, ক্রিকেট আর ট্র্যাক অ্যান্ড ফিল্ড দ্রুত বিকশিত হচ্ছে, অনেক খেলোয়াড় যুক্ত হচ্ছে এর সঙ্গে। প্রতিবছর স্কুল চ্যাম্পিয়নশিপ হয়। সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই শিশু-কিশোরদের নিয়ে অনেক পরিশ্রম করে। এ কারণে জ্যামাইকা থেকে এত প্রতিভা উঠে আসছে। গত অলিম্পিকের পর আপনার জীবন অনেকটা পাল্টে গেছে নিশ্চয়ই।বোল্ট: তা তো বটেই। হুট করে মহা তারকা হয়ে যাওয়াটা কেমন?বোল্ট: উম্, এখন পর্যন্ত তো ভালোই লাগছে। আমি সবকিছুই উপভোগ করছি...শুধু সাক্ষাৎকার-টাক্ষাৎকার দিতে ভালো লাগে না। আমি কিন্তু আগের মতোই রাতগুলো উপভোগ করি। এরপর ধরুন অ্যাডাম গিলক্রিস্টের (পিউমার বাণিজ্যিক প্রচারণায় বোল্টের সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারও ছিলেন) সঙ্গে দেখা হয়ে গেল। এ রকম আরও অনেক তারকার সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ পেয়েছি, যাদের আমি আসলে একসময় টিভিতে দেখতাম। গিলক্রিস্ট তো আমার আদর্শ ছিল। এ ধরনের মানুষের সঙ্গে দেখা করতে, বিশ্বময় ঘুরে বেড়াতে আমার ভালো লাগে; কেবল ইন্টারভিউ দিতে ভালো লাগে না। গিলির সঙ্গে দেখা হওয়াটা তাহলে আপনার কাছে অন্যতম এক স্মরণীয় ঘটনা?বোল্ট: অবশ্যই। ও আমার অন্যতম প্রিয় খেলোয়াড় ছিল। তাই ওর সঙ্গে দেখা করতে পারাটা আমার জন্য সম্মানের। ওর সই করা একটা ব্যাটও আমাকে দিয়েছে। নিজের বাড়িতে সাজিয়ে রাখার মতো আরেকটা জিনিস পেয়ে গেলাম। অ্যাথলেট ছাড়াও আপনার আরও পরিচয় আছে। আপনি ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত। ডিজেগিরিও করতে দেখা যায় আপনাকে। একটা ছবি দেখা গেল, যেখানে ফেরারি গাড়ির মধ্যে বসে আছেন আপনি। গাড়িটা আপনার?বোল্ট: নাহ্, ইস্ গাড়িটা যদি আমার হতো! মনাকোতে যখন গিয়েছিলাম, সেখানকার আয়োজকদের বললাম, আমি ফেরারি চালাতে চাই। ওরা আমাকে একটা গাড়ি দিল, সেটাই ঘণ্টা তিনেক চালালাম। কী বলব, অভিজ্ঞতাটা ছিল অসাধারণ! সব সময়ই দ্রুত ছুটতে পছন্দ করেন তাহলে?বোল্ট: অবশ্যই। আমি স্পিড পছন্দ করি। আমার কাছে নিড ফর স্পিড ভিডিও গেমটা আছে। তা ছাড়া আমার বেশির ভাগ গাড়িই দ্রুতগতির। এখন আপনার কী কী গাড়ি আছে?বোল্ট: এখন? জিটি স্কাইলাইন...এটা মোটামুটি দ্রুতগতির। ৪৮০ হর্সপাওয়ারের মতো শক্তি ওটার। কিছুদিন আগে একটা বিএমডব্লু এক্সসিক্সএম পেয়েছি। ওটার হর্সপাওয়ার ৫৫০। হোন্ডারও একটা আছে। রেসিংয়ে নেমে পড়ছেন নাকি?বোল্ট: আরে নাহ্। আমি রাস্তায় গতির ঝড় তুলতে পছন্দ করি। কিছু লোককে হকচকিয়ে দিয়ে অনেক মজা পাই। স্থায়ীভাবে জ্যামাইকাতে থাকবেন বলে ঠিক করেছেন?বোল্ট: অবশ্যই। আসলে আমি জ্যামাইকার বাইরে গিয়ে থাকতে পারব না। জ্যামাইকার বাইরে গিয়ে তাহলে পরিবার আর খাবার নিশ্চয়ই মিস করেন?বোল্ট: আসলে সবকিছুই মিস করি। জ্যামাইকার সবকিছুরই অভাব বোধ করি বাইরে গেলে। বাড়িতে থাকার চেয়ে ভালো আর কী হতে পারে বলুন! গান-বাজনার কথা বললেন না যে!বোল্ট: অসাধারণ মিউজিক! তবে যেকোনো জায়গায় প্রিয় গান সঙ্গে করে নিয়ে যাই বলে সেটা নিয়ে দুশ্চিন্তা নেই। খ্যাতির বিড়ম্বনার কথা বলুন। নিজেকে কি বিচ্ছিন্ন মনে হয়? জ্যামাইকায় ইচ্ছামতো চলাফেরা করতে পারেন?বোল্ট: আরে নাহ্, সবকিছুই ভালো। জ্যামাইকানরা অতটা ক্রেজি নয়। হ্যাঁ, ওরা আমার দেখা পেলে খুশি হয়, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা আমার জন্য কোনো সমস্যাই নয়। ভিড়টা হয় তখন, যখন ওরা শোনে আমি বাইরে কোথাও যাচ্ছি। এমনিতে আমি রাস্তায় চলাফেরা ঠিকই করি, কখনো থেমে গিয়ে ছবি তোলার অনুরোধে সায় দিতে হয়, অটোগ্রাফ দিই...এই তো।ওয়েবসাইট থেকে ভাষান্তর রাজীব হাসান