জ্যামাইকার মাদকসম্রাট ‘দুদুস’ কোক গ্রেপ্তার
জ্যামাইকার মাদকসম্রাট হিসেবে পরিচিত ক্রিস্টোফার ‘দুদুস’ কোককে পুলিশ গতকাল মঙ্গলবার রাজধানী কিংস্টোনের উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করে।যদিও জ্যামাইকার কয়েকটি গণমাধ্যম জানায় যে কোক নিজেই একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে কিন্তু তথ্যমন্ত্রী দারিল ভাজ জানান, পুলিশ তাঁকে একটি সড়ক তল্লাশি চৌকিতে আটক করে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, কোককে পশ্চিম কিংস্টোনের সেন্ট ক্যাথেরিন প্যারিশের পোর্টমোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।জ্যামাইকা অবজারভার জানায়, গত মাসে কোককে আটক করতে সেন্ট ক্যাথেরিন প্যারিশে অবস্থিত টিভোলি গার্ডেনস নামে তাঁর মূল ঘাঁটিতে নিরাপত্তা বাহিনী এক অভিযান চালায়। সে সময় তাঁর দলের লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে চার দিনব্যাপী এক সংঘর্ষে অন্তত ৭৬ ব্যক্তি নিহত হয়। এর পর থেকে সেন্ট ক্যাথেরিন প্যারিশে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কোক গ্রেপ্তার হওয়ার পর তা আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে জ্যামাইকার পার্লামেন্ট এ ঘোষণা দেয়। বিবিসি অনলাইন জানায়, জ্যামাইকার সরকার মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত কোককে যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসন করতে চায়।৪১ বছর বয়সী কোকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি কুখ্যাত ‘শাওয়ার পোসি’ নামক চক্রের প্রধান। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এ চক্রটি মাদক ও অস্ত্র পাচারের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক চালায়। এ ছাড়া চক্রটির বিরুদ্ধে জ্যামাইকা ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।