জ্যেষ্ঠ-তরুণ আস্থার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তরুণ ও ত্যাগী নেতাদের আস্থার সংকট ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। জ্যেষ্ঠদের কর্মকাণ্ডে তরুণেরা হতাশ। তাঁদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি বরগুনা জেলা বিএনপির সম্মেলন হয়। এতে মাহবুবুল আলম ফারুক মোল্লা সভাপতি ও এস এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।নতুন কমিটি গঠনের পর জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা গতিশীলতা এলেও এখানে ভোটের রাজনীতিতে বিএনপি পিছিয়ে। এ জন্য তরুণ নেতা-কর্মীরা জ্যেষ্ঠ নেতাদের দায়ী করে বলেন, জ্যেষ্ঠ নেতাদের অনৈক্যের কারণে এখানে (বরগুনা সদর) জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীরা বারবার হেরে গেছেন।নেতা-কর্মীরা আরও জানান, বিগত দিনে গ্রহণযোগ্য যেসব নেতা ভোটের রাজনীতিতে এগিয়ে গেছেন, তাঁদের নানাভাবে কোণঠাসা করে রাখা হয়। ফলে নেতৃত্বের বিকাশ ঘটেনি। উদাহরণস্বরূপ গত উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা সদর উপজেলায় প্রার্থী হন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা। কিন্তু দলীয় নেতাদের অসহযোগিতা ও সিদ্ধান্তহীনতার কারণে তিনি নির্বাচনে জিততে পারেননি। সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল খালেক সম্প্রতি দলে যোগ দিলেও ভালো পদ পাননি। তাই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে তেমন উৎসাহ পাচ্ছেন না।এ ছাড়া আমতলী উপজেলা বিএনপির কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছায় সেখানে দলীয় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পাথরঘাটা উপজেলা বিএনপির কার্যক্রমও জোরদার নয়।মূল দলের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোতেও স্থবিরতা বিরাজ করছে। জেলা ছাত্রদলের সর্বশেষ সম্মেলন হয় ২০০২ সালে। ওই কমিটির সভাপতি রেজবুল কবির জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক শফিকুজ্জামান মাহফুজ সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিন মাসের জন্য গঠন করা আহ্বায়ক কমিটি এক বছরেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে পারেনি। জেলা ছাত্রদলের আহ্বায়ক সফিকুজ্জামান মাহফুজ বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে অচিরেই জেলা ও উপজেলা সম্মেলন করব।’ এ ছাড়া ছাত্রদলের দুই বছর মেয়াদি ছয়টি সাংগঠনিক উপজেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০২ সালের মাঝামাঝি। এ ছাড়া জেলা মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস), মুক্তিযোদ্ধা দল, কৃষক দল ও তাঁতী দলের কার্যক্রম নেই বললেই চলে।দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র-ঘোষিত কর্মসূচিগুলো বরগুনায় দায়সারাভাবে পালন করা হয়। এতে অনেক নেতাই যোগ দেন না। জ্যেষ্ঠ নেতাদের ওপর তরুণ নেতা-কর্মীরা এত দিন ভেতরে ভেতরে ক্ষুব্ধ থাকলেও ৮ মে শহরে দলের কর্মিসভায় বিষয়টি প্রকাশ্যে চলে আসে। দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভায় বরগুনা পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বরগুনায় বিএনপি সুসংগঠিত, এটা ঠিক। কিন্তু আমাদের কিছু নেতা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগের হয়ে যান।’ তিনি আরও বলেন, গত পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভায় মেয়র পদে দল আমাকে সমর্থন দিলেও অনেক নেতা আমার পক্ষে কাজ করেননি। বরগুনায় বিএনপি যত দিন এই অবস্থা থেকে বের হতে না পারবে, তত দিন এখানে দলের কেউ নির্বাচন করে জিততে পারবে না।’ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির বলেন, জনপ্রিয় নেতাদের পেছনে ফেলে দেওয়ার রাজনীতি পরিহার ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয় না বলেই বরগুনায় বিএনপি ভোটের রাজনীতিতে পিছিয়ে। দলকে এগিয়ে নিতে হলে এখানে তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্বের বিকাশের সুযোগ দিতে হবে। বরগুনা সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিমের মতে, বরগুনায় বিএনপির রাজনীতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বর্তমানে কেন্দ্রীয় নেতা খন্দকার মাহবুব হোসেন নির্মোহভাবে দলের স্বার্থে কাজ করায় জেলার রাজনীতিতে গুণগত পরিবর্তন ও গতিশীলতা এসেছে।বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বরগুনায় বিএনপির রাজনীতিতে আগে আস্থার সংকট ছিল। তবে আমরা সেসব কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের দলে মতবিরোধ ও কিছু দুর্বলতা যে নেই তা ঠিক নয়। আশা করি, সব বিভেদ ভুলে আমরা আগামী নির্বাচনে জেলার সবগুলো আসনে জয় নিশ্চিত করতে পারব।’ তিনি আরও বলেন, ‘দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেশির ভাগের সম্মেলন না হওয়ায় কার্যক্রম অনেকটা স্তিমিত। এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’