জ্যেষ্ঠ নির্বাহীদের ঘুষ দেওয়ার প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা টিকিয়ে রাখা বা প্রতিযোগিতায় জয়ী হওয়ার ক্ষেত্রে বাণিজ্য-প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীদের ঘুষ দেওয়ার প্রবণতা বাড়ছে। বিশ্বজুড়েই এখন উদীয়মান নির্বাহীদের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। চলতি বছর তাঁদের এই ঘুষ দেওয়ার হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে পৌঁছেছে।আর্নেস্ট অ্যান্ড ইয়ং নামের একটি আন্তর্জাতিক সংস্থা তাদের এক বার্ষিক জরিপের ফলাফলে এই তথ্য পাওয়ার দাবি করেছে বলে রয়টার্স জানিয়েছে। গতকাল বুধবার এই জরিপের ফল প্রকাশ করা হয়।জরিপে ৪৩টি দেশের এক হাজার ৭০০ জন নির্বাহীর কাছে তাঁদের পেশা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়। এতে এ ধরনের ঘুষ-বিষয়ক দুর্নীতিতে শীর্ষ স্থানে রয়েছে কলম্বিয়া, ইউক্রেন ও ব্রাজিল। উত্তরদাতা নির্বাহীদের এক-তৃতীয়াংশ নিজ দেশে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে মনে করেন।সংস্থাটি ভাষ্য, বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা তাঁদের ব্যবসা টিকিয়ে রাখতে বা প্রতিযোগিতায় জয়ী হতে স্বেচ্ছায় ঘুষ-বাবদ নগদ অর্থ প্রদান করেন। আর এটা, বিশেষ করে নতুন বাজার সম্প্রসারিত করার ক্ষেত্রেই বেশি হয়ে থাকে।সংস্থাটি বিশ্বের বিভিন্ন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ বিভাগের ৪০০ জন প্রধানকে কুইজ আকারে প্রশ্ন করে। উত্তরদাতাদের মধ্যে ১৫ শতাংশ স্বীকার করেন যে, তাঁরা তাঁদের ব্যবসাকে নিরাপদ করতে ঘুষ দিয়ে থাকেন।