জ্যোতি বসুকে আজ শেষ বিদায় জানাবে পশ্চিমবঙ্গবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে আজ মঙ্গলবার শেষ শ্রদ্ধা ও বিদায় জানাবে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শেষ যাত্রা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের নেতারাও যোগ দেবেন। জ্যোতি বসু গত রোববার পরলোকগমন করেন।আজ সকাল সাড়ে সাতটায় জ্যোতি বসুর মরদেহ কলকাতার রফি আহমেদ কিদোয়াই সড়কের পিস হ্যাভেন থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে। মারা যাওয়ার পর এ পিস হ্যাভেনেই জ্যোতি বসুর মরদেহ রাখা হয়। দলীয় কার্যালয়ে মরদেহ রাখা হবে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানের এবং রাজ্যের বিভিন্ন জেলার নেতারা এখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সচিবালয় বা মহাকরণে। এ মহাকরণেই একসময় তিনি টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর চেয়ার আগলে রেখেছিলেন। এখানে শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এরপর মরদেহ নেওয়া হবে বিধানসভা ভবনে। সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে রাখা হবে মরদেহ। দেশ-বিদেশের নেতারাও এখানেই বরেণ্য এ নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর শোক মিছিলসহকারে মরদেহ নিয়ে যাওয়া হবে মোহরকুঞ্জে। বিকেল চারটায় ভারতীয় সেনাবাহিনী এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে জ্যোতি বসুকে। তারপর মরদেহ নিয়ে শোক মিছিল যাবে কলকাতার পিজি হাসপাতালে। এখানে তাঁর মরদেহ তুলে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। জ্যোতি বসু মৃত্যুর আগে ২০০৩ সালের ৪ এপ্রিল তাঁর চোখ এবং দেহ দান করে গিয়েছিলেন এ হাসপাতালে। দেহ দান করে সেদিন জ্যোতি বসু বলেছিলেন, মৃত্যুর পর তাঁর দেহ চিকিত্সাবিজ্ঞানের কাজে লাগুক, এটাই তিনি চান। অংশ নিচ্ছেন হাসিনাসহ বিদেশি নেতারা: জ্যোতি বসুর অন্তিম যাত্রা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের নেতা এবং রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার কলকাতায় যাবেন। ১৩ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলটি বেলা ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানযোগে রওনা দেবে। বিকেল পাঁচটায় তাঁরা বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন—সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। বিএনপির সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং সাংসদ আশরাফ উদ্দিন বিএনপির প্রতিনিধি হিসেবে জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ কলকাতায় যাবেন।এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী মাধবকুমার নেপাল, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজও যোগ দেবেন। চীনসহ বেশ কয়েকটি দেশের রাজনৈতিক নেতারাও অংশ নেবেন।ভারতের কংগ্রেস সভাপতি ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী যোগ দেবেন। প্রণব মুখোপাধ্যায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিসহ ভারতের শীর্ষ রাজনৈতিক নেতারাও যোগ দেবেন।রাষ্ট্রীয় শোক: জ্যোতি বসুর মৃত্যুতে ভারতজুড়ে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসও গতকাল বন্ধ ছিল। সেখানে বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয়।শোকবইয়ে মনমোহনের স্বাক্ষর: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লিতে সিপিএমের প্রধান কার্যালয় এ কে গোপালন ভবনে গিয়ে জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানান এবং সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। এ দিন শোকবইয়ে স্বাক্ষর করেন ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিও।