জ্যোতি বসুকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে
প্রবীণ কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অবস্থা সংকটাপন্ন। গতকাল বুধবার কলকাতার সল্টলেকের এএমআরআই হাসপাতাল থেকে জানানো হয়, তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।গতকাল ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় হাসপাতালের এক মেডিকেল বুলেটিনে বলা হয়, জ্যোতি বসুর অবস্থা সংকটাপন্ন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যেতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।হাসপাতালে যান লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ ও কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সৈয়দ মাসুদ মামুদ খোন্দকারও হাসপাতালে যান।পরে সন্ধ্যা ছয়টায় মেডিকেল বুলেটিনে জানানো হয়, জ্যোতি বসুর সংকট কাটেনি। তবে নতুন ওষুধ দেওয়ায় চিকিত্সায় একটু সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, আজ বেলা ১১টায় মেডিকেল বোর্ড আবার তাঁর স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করবে।এদিকে জ্যোতি বসুর স্বাস্থ্যের অবনতি হওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে তিনি মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচারিতও হয়। একটি ওয়েবসাইটও প্রচার করে জ্যোতি বসুর মৃত্যুর সংবাদ। পরে জ্যোতি বসুর ব্যক্তিগত সচিব জয়কৃষ্ণ ঘোষ জানান, জ্যোতি বসু সুস্থ হচ্ছেন, বেঁচে আছেন। বিকেলে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে জ্যোতি বসুকে দেখে আসেন। তিনি সাংবাদিকদের প্রতি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জ্যোতি বসু গত শুক্রবার এএমআরআই হাসপাতালে ভর্তি হন। তাঁকে রাখা হয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে। চিকিত্সার জন্য এ কে মাইতির নেতৃত্বে গড়া হয় ছয় সদস্যের একটি মেডিকেল টিম। এর পর থেকে তিনি মোটামুটি সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার গভীর রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে যন্ত্রের সাহায্যে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়।গত ৮ জুলাই জ্যোতি বসু ৯৬ বছরে পা দেন। তিনি ভারতের প্রথম এবং একমাত্র রাজনীতিক, যিনি একটানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায়। তাঁর পরিবার বাংলাদেশ থেকেই সেখানে গেছে। তিনি পড়াশোনা করেন কলকাতার একটি ক্যাথলিক স্কুলে। স্কুলজীবন শেষে ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। পরে ব্রিটেন থেকে ব্যারিস্টার হন।ব্রিটিশ কমিউনিস্ট রাজনীতিক রজনী পাম দত্তের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে ১৯৩০-এর দশকে জ্যোতি বসু কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫৭ সালে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গে বামপন্থীদের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে তিনি হন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু অল্প দিনেই ভেঙে যায় জোট। এরপর পশ্চিমবঙ্গে কেন্দ্রের শাসন জারি হয়। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে আসে বামপন্থীরা। জ্যোতি বসু হন মুখ্যমন্ত্রী। এরপর একটানা ২৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর তিনি ২০০০ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।জ্যোতি বসুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার কাছে পাঠানো এক বার্তায় দীপু মনি এই প্রবীণ রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনা করেন।