জ্যোতি বসুর অবস্থা সংকটজনক
পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থা সংকটজনক। সাবেক এই মুখ্যমন্ত্রী নিউমেনিয়ায় আক্রান্ত হলে ১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে রাখা হয় আইসিসিইউতে। গত মঙ্গলবার গভীর রাতে তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাঁর জন্য কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়।আজ বুধবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় এক মেডিকেল বুলেটিনে হাসপাতাল থেকে জানানো হয়, জ্যোতি বসু সংকটাপন্ন। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ সোমেন মিত্র, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। হাসপাতালে যান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সৈয়দ মাসুদ মামুদ খোন্দকারও।আজ সন্ধ্যায় ছয়টায় আবার মেডিকেল বুলেটিনে জানানো হয়, জ্যোতি বসুর সংকট কাটেনি। তবে নতুন অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ায় চিকিত্সায় একটু সাড়া দিচ্ছেন তিনি। ওই বুলেটিনে বলা হয়, কাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেডিকেল বোর্ড আবার জ্যোতি বসুর শারীরিক অবস্থার পর্যালোচনা করবে।গত বছরের ৮ জুলাই প্রবীণ এই কমিউনিস্ট নেতা ৯৬ বছরে পা দেন। জ্যোতি বসুই ভারতের প্রথম এবং একমাত্র মুখ্যমন্ত্রী যিনি একটানা ২৩ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন।