জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় বামদের ঢুকতে বাধা
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ৯৯তম জন্মদিন আজ রোববার। পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে পালিত হয়েছে তাঁর জন্মদিন। জন্মদিন উপলক্ষে সিপিএম এবং তাদের অঙ্গসংগঠনসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন রাজ্যজুড়ে দিনটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।সকালে রাজ্য বিধানসভায় জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধানসভার বাম দলের সদস্যরা। তবে আজ জ্যোতি বসুকে শ্রদ্ধা নিবেদনের জন্য বিধানসভার সাবেক বাম বিধায়ক ও মন্ত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। ফলে বিক্ষুব্ধ সাবেক বিধায়ক ও মন্ত্রীরা বিধানসভার গেটের সামনে জ্যোতি বসুর ছবি টাঙিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।জ্যোতি বসুর বাসভবন ইন্দিরা ভবনের সামনে প্রতিবছরের মতো আজও দিনটি পালন করা হয়।তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জ্যোতি বসুর জন্মদিন পালন করেছেন দুই দিন আগে, গত শুক্রবার। ১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসু জন্মগ্রহণ করেন। আর প্রয়াত হন ২০১০ সালের ১৭ জানুয়ারি। ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৬ নভেম্বর পর্যন্ত একটানা ২৩ বছরের বেশি সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।