জ্যোতি বসুর শারীরিক অবস্থা এখনো সংকটজনক
জ্যোতি বসুর শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। চরম সংকটে রয়েছেন তিনি। আজ রোববার ভারতীয় সময় দুপুর সোয়া ১২টায় হাসপাতাল থেকে প্রচারিত এক মেডিকেল বুলেটিনে এ কথা জানানো হয়।হাসপাতালের নির্বাহী পরিচালক ডি এন আগরওয়াল বলেছেন, জ্যোতি বসু এখনো সংকটে রয়েছেন। তবে গতকাল রাতে একটু উন্নতি লক্ষ করা গেছে, তিনি ডাকে সামান্য সাড়া দিচ্ছেন। তবে তাঁর কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। হূদস্পন্দন ওঠানামা করছে। তবে রক্তচাপ স্বাভাবিক রয়েছে। ফুসফুসে জমে গেছে পানি। তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গে সমস্যাও দেখা দিয়েছে। কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে ডায়ালাইসিস করার উদ্যোগ নেওয়া হলেও রক্ত পরীক্ষার পর চিকিত্সকেরা ডায়ালাইসিস না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই শারীরিক অবস্থায় তিনি ডায়ালাইসিসের ধকল সইতে পারবেন না বলে চিকিত্সকেরা মনে করছেন। এদিকে প্রধানমন্ত্রীর কথামতো হাসপাতালের মেডিকেল বোর্ড ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের পরামর্শ নিচ্ছে নিয়মিত। দিল্লির ওই হাসপাতাল পাঁচজন বিশেষজ্ঞ চিকিত্সক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। আজ সকালে জ্যোতি বসুকে দেখতে কলকাতায় যান উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। তিনি জ্যোতি বসুর দ্রুত আরোগ্য কামনা করেন।জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের প্রবীণ এই কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিত্সার জন্য এ কে মাইতির নেতৃত্বে গঠন করা হয় আট সদস্যের একটি মেডিকেল টিম।